চলতি বছরের শেষেই ইসরায়েলকে মার্কিন সাহায্য দেওয়া বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ইসরায়েলের সহায়তার আর কোনো প্রয়োজন নেই এবং তারা নিজেদের প্রয়োজনীয় অস্ত্র নিজেরাই কেনার সামর্থ্য রাখে। খবর বাংলানিউজের।
মধ্যবর্তী নির্বাচনের দিন স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে একথা জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা তাদের বছরে ৪ বিলিয়ন (৪০০ কোটি) ডলার দিচ্ছিলাম, এখনও দিচ্ছি, তবে এই বছরের শেষেই তা বন্ধ হয়ে যাচ্ছে। ট্রাম্প বলেন, এই সহায়তার মধ্যে নগদ অর্থ ও বিভিন্ন সামরিক সামগ্রী অন্তর্ভুক্ত ছিল। এই সহায়তা বন্ধ করার বিষয়ে তিনি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েক বছর ধরে আলোচনা করছিলেন উল্লেখ করে ট্রাম্প জানান, নেতানিয়াহুই প্রথম এ বিষয়টি উত্থাপন করেন।
তাদের এই সহায়তার কোনো দরকার নেই মন্তব্য তিনি আরও বলেন, ইসরায়েল অত্যন্ত সমৃদ্ধ ও অর্থনৈতিকভাবে সফল একটি দেশ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে থাকা নিরাপত্তা সহায়তা চুক্তি অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত ইসরায়েলকে বার্ষিক প্রায় ৩.৮ বিলিয়ন (৩৮০ কোটি) ডলার সামরিক সাহায্য দেওয়ার কথা। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেও মার্কিন সামরিক সাহায্যের ওপর নির্ভরতা ধাপে ধাপে কমিয়ে আনার আগ্রহ প্রকাশ করেছিলেন। যদিও এই চুক্তি পরিবর্তন বা বন্ধের সুনির্দিষ্ট সময় ও শর্ত সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।











