ইরানের হামলায় জর্ডানে দুই মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও একজন নিখোঁজ রয়েছেন বলে গতকাল শনিবার জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্চের পর ইরানের সঙ্গে চলমান সংঘাতে এই প্রথম মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা ঘটল। মদুই দেশের মধ্যে সামপ্রতিক সময়ে হামলা–পাল্টা হামলা তীব্র হওয়ার মধ্যেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় চলমান প্রায় পাঁচ মাসের সংঘাতে নিহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। খবর বাংলানিউজের।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, ১৭ জুলাই জর্ডানে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ও মিত্রবাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনা যুদ্ধে নিহত হন। এছাড়া একজন সেনা বর্তমানে নিখোঁজ রয়েছেন। সেন্টকম আরও জানায়, আহত আরও চার মার্কিন সেনাকে চিকিৎসার জন্য জর্ডানের হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তারা হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। অন্য কয়েকজন সামান্য আহত হলেও তারা আবার দায়িত্বে ফিরে গেছেন। নিহত দুই সেনার পরিচয় তাদের স্বজনদের আনুষ্ঠানিকভাবে জানানোর অন্তত ২৪ ঘণ্টা পর প্রকাশ করা হবে বলে জানিয়েছে সেন্টকম। এর আগে শনিবার এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, জর্ডানের আল–আজরাক এলাকায় মার্কিন বাহিনী ব্যবহৃত একটি ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে।












