চট্টগ্রামের ফটিকছড়িতে পবিত্র মাহে রমজানে মসজিদে ইতিকাফে ইবাদতরত অবস্থানরত এক মুসল্লি তসবিহ জপতে জপতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গতকাল শনিবার ফটিকছড়ির আল জামেয়াতুল ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসা জামে মসজিদে ইতিকাফে থাকা হারুনুর রশীদ চৌধুরী (৫৫) নামে ওই মুসল্লি মৃত্যুবরণ করেন। তিনি আনোয়ারা উপজেলার হাইলদর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
মাদরাসার দায়িত্বশীল শেখ এমদাদ উল্লাহ জানান, দুপুরে মসজিদে বয়ান চলাকালে হঠাৎ করে হারুনুর রশীদ চৌধুরী মাথা ঘুরে পড়ে যান।
তিনি বলেন, আমি কাছে গিয়ে দেখি তিনি হেলান দেওয়া অবস্থা থেকে পড়ে গেছেন। তাঁর হাতে তখনও তসবিহ ছিল এবং মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। ডাক্তার দেখানো হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
মসজিদে ইতিকাফরত মুসল্লিরা জানান, হারুনুর রশীদ চৌধুরী চলতি রমজানে ৩০ দিনের ইতিকাফে অংশ নিয়েছিলেন। তিনি অত্যন্ত ধার্মিক ও পরহেজগার মানুষ ছিলেন এবং অধিকাংশ সময় তসবিহ, তাহলিল ও জিকির–আসকারে মগ্ন থাকতেন।
স্থানীয় আলেম ও মুসল্লিরা বলেন, রমজানের পবিত্র সময়ে ইতিকাফে থেকে ইবাদতরত অবস্থায় মৃত্যু নিঃসন্দেহে সৌভাগ্যের বিষয়। ইসলামী শিক্ষায় বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর জিকিরে মশগুল অবস্থায় মৃত্যুবরণ করেন, তিনি আল্লাহর বিশেষ রহমত লাভ করেন।












