ইউজিসির কমিটি,নেই বিশ্ববিদ্যালয়ের কেউ

চুয়েট সংকট

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ২১ অক্টোবর, ২০২৬ at ৯:২৩ পূর্বাহ্ণ

প্রায় এক মাস ধরে চলা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অচলাবস্থা নিরসনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ৬ সদস্যের একটি পরামর্শক কমিটি গঠন করেছে। তবে সংকট নিরসনে গঠিত এই কমিটিতে চুয়েটের কোনো শিক্ষক বা প্রতিনিধিকে রাখা হয়নি। এমনকি যে সিন্ডিকেট সভার প্রস্তাবের ভিত্তিতে এ উদ্যোগ, সেখানেও চুয়েটের কোনো প্রতিনিধি ছিলেন না বলে অভিযোগ উঠেছে। এতে কমিটির কার্যকারিতা নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গত সোমবার ইউজিসির সদস্য অধ্যাপক আবদুল্লাহ–আল–মামুনকে আহ্বায়ক এবং অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসানকে সদস্যসচিব করে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন বুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সিভাসুর উপাচার্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী।

কমিটি গঠনের উদ্দেশ্য সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী বলেন, চুয়েটের চলমান অচলাবস্থা নিরসন এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়াই এ কমিটির মূল লক্ষ্য।

কমিটিতে চুয়েটের কাউকে না রাখা প্রসঙ্গে চুয়েট শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক সামিউন বাসির বলেন, চুয়েটের সমস্যা নিরসনে গঠিত কমিটিতে চুয়েটেরই কেউ নেই। যে সিন্ডিকেট সভার ভিত্তিতে এ কমিটি করা হলো, সেখানেও চুয়েটের কেউ ছিলেন না। চুয়েট পরিবারকে বাদ দিয়ে কীভাবে সংকট নিরসন হবে? আন্দোলনরত শিক্ষার্থীরাও এ পদক্ষেপকে ‘প্রহসন’ অ্যাখ্যা দিয়ে পূজার ছুটি শেষে আবারও সর্বাত্মক শাটডাউন পালনের ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের নতুন উপাচার্য হিসেবে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। এর পরদিন থেকেই শিক্ষার্থীরা সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু করেন। শিক্ষক ও কর্মচারীরাও এতে সংহতি জানান। গত ১২ অক্টোবর নবনিযুক্ত উপাচার্য কার্যালয়ে প্রবেশ করলে শিক্ষার্থীরা তাঁকে ৩০ ঘণ্টা অবরুদ্ধ রাখেন। পরে উদ্ধারের পর তিনি গত ১৬ অক্টোবর অনলাইনে এক জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেন, যেখানে চুয়েটের কোনো শিক্ষক প্রতিনিধি অংশ নেননি। ওই সভার সুপারিশের ভিত্তিতেই ইউজিসি এই পরামর্শক কমিটি গঠন করে বলে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধগত নির্বাচনে দেশের মানুষ ভোট ব্যাংক ধারণার অবসান ঘটিয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধনন্দনকানন বৌদ্ধ বিহারের সামনে পদ্মফুলের গোলচত্বর