সুইজারল্যান্ডের জেনিভায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার দুই দিনের শান্তি আলোচনা বুধবার মাত্র দুই ঘণ্টায় উল্লেখযোগ্য কোনও সাফল্য বা সমাধান ছাড়াই শেষ হয়েছে। খবর বিডিনিউজের।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই আলোচনাকে কঠিন বলে বর্ণনা করেছেন। তিনি অভিযোগ করে বলেন, চার বছরের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি চুক্তি করার পথে রাশিয়া ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠক এমন এক সময়ে হল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েক দিনে দুইবার ইঙ্গিত দিয়েছেন যে, শান্তি আলোচনার সাফল্য নিশ্চিত করাটা একমাত্র ইউক্রেন ও জেলেনস্কির ওপর নির্ভর করছে। আলোচনা শেষে জেলেনস্কি হোয়াটসঅ্যাপ চ্যাটে সাংবাদিকদের বলেন, আমরা দেখতে পাচ্ছি কিছু অগ্রগতি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত দুই পক্ষের অবস্থান ভিন্ন। কারণ আলোচনা ছিল অত্যন্ত জটিল ও কঠিন। তিনি এক্সে এক পোস্টে লেখেন, আমরা বলতে পারি যে, রাশিয়া আলোচনাকে টেনে লম্বা করার চেষ্টা করছে, যা ইতোমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারত।












