ই-রিটার্ন দিতে সমর্থ না হলে জানাতে হবে ১৫ নভেম্বরের মধ্যে

| শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৭:৫০ পূর্বাহ্ণ

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর বিবরণী বা রিটার্ন অনলাইনে দাখিলের বাধ্যবাধকতা কিছুটা শিথিল করা হয়েছে। অনলাইনে কেউ যদি রিটার্ন দাখিল করতে সমর্থ না হন তাহলে আবেদনের ভিত্তিতে আগের মত রিটার্ন দাখিলের সুযোগ চাইতে পারবেন। এজন্য ১৫ নভেম্বর পর্যন্ত কর অঞ্চলে আবেদন করতে হবে। এতদিন ৩১ অক্টোবর পর্যন্ত এ সুযোগ ছিল। গতকাল বৃহস্পতিবার এক আদেশে সময় বাড়ানোর তথ্য দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডএনবিআর। খবর বিডিনিউজের।

চলতি করবর্ষে স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে এনবিআর। তবে ৬৫ বছর বা এর বেশি বয়সের প্রবীণ করদাতা; শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা; বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা ও মৃত করদাতার পক্ষে আইনজীবী প্রতিনিধিদের বেলায় এ বিধান প্রযোজ্য হবে না।

তাদের বেলায় তারা আগ্রহী হলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন, কোনো বাধ্যবাধকতা নেই। প্রবাসীদের বেলায়ও অনলাইনে চাইলে রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ার কয়েকটি এলাকা পানি সংকটাপন্ন হিসেবে চিহ্নিত
পরবর্তী নিবন্ধচিহ্নিত সমস্যা সমাধানে স্থানীয় পর্যায় থেকেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে