আড়াইগুণ বেশি ভাড়ায় ঘুরপথে তিনটি ক্রুডবাহী জাহাজ দেশে আনার চেষ্টা

হরমুজ প্রণালীতে অনিশ্চয়তা অব্যাহত

হাসান আকবর | শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৭:২৬ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে বাড়ছে জাহাজ ভাড়া। ইতোমধ্যে স্বাভাবিক সময়ের আড়াইগুণ বেশি ভাড়ায় বাংলাদেশের জন্য জাহাজ নিতে হচ্ছে। হরমুজ প্রণালীর অনিশ্চয়তা না কাটায় আটকে থাকা ক্রুডবাহী জাহাজ কবে চট্টগ্রামে পৌঁছাবে তা অনিশ্চিত। তবে আগামী মে মাসে ঘুরপথে তিনটি ক্রুডবাহী জাহাজকে বাড়তি ভাড়া দিয়ে দেশে আনার চেষ্টা করা হচ্ছে। অপরদিকে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ আজ সকাল ৮টায় হরমুজ পার হওয়ার চেষ্টা করবে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সবকিছুতেই অনিশ্চয়তা অব্যাহত রয়েছে বলেও সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, হরমুজ প্রণালী স্বাভাবিক হয়নি। এতে করে তেলবোঝাই জাহাজ চট্টগ্রামে আনার ক্ষেত্রে অনিশ্চয়তা বিরাজ করছে। ইস্টার্ণ রিফাইনারির জন্য এক লাখ টন ক্রুড বোঝাই করে গত এক মাসেরও বেশি সময় ধরে বসে থাকা এমটি নরডিক্স পলাক্স জাহাজটি হরমুজ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আসবে না বলে বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে জানিয়ে দিয়েছে। তবে আগামী ২০ এপ্রিল একটি জাহাজ সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুডঅয়েল নিয়ে লোহিত সাগর হয়ে চট্টগ্রামের পথ ধরবে। জাহাজটি আগামী মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রামে পৌঁছাবে। অপরদিকে মে মাসে দুই লাখ টন ক্রুড নিয়ে সৌদি আরব এবং দুবাই থেকে আরো দুইটি অয়েল ট্যাংকার লোহিত সাগর হয়ে চট্টগ্রামে পৌঁছাবে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন এসব জাহাজ ভাড়া করে দেশে ক্রুড নিয়ে আসছে বলে সূত্র জানিয়েছে।

ক্রুড নিয়ে জাহাজ আসবে বলে উল্লেখ করে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিপিসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক গতকাল দৈনিক আজাদীকে জানিয়েছেন, ক্রুডের অভাব নেই, জাহাজও পাওয়া যাচ্ছে। ঘুরপথে আসার সুযোগও রয়েছে। কিন্তু ভাড়া যেখানে গিয়ে ঠেকছে তা সামাল দেয়া কঠিন। তিনি বলেন, আগে মধ্যপ্রাচ্য থেকে প্রতিটন ক্রুডঅয়েল আনতে ভাড়া গুণতে হতো ৫৫ থেকে ৬২ ডলার। এখন সেই জাহাজ ভাড়া করতে হচ্ছে ১৪০ থেকে ১৫০ ডলারে। প্রায় আড়াইগুণ ভাড়া বেড়ে যাওয়ায় ক্রুড আমদানিতে খরচ অনেক বেড়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, হরমুজ দিয়ে জাহাজ কবে স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে তা অনিশ্চিত। আমরা আমাদের এমভি বাংলার জয়যাত্রাকে হরমুজের কাছাকাছিতে এনে অনুমতি চাইবো। যদি অনুমোদন দেয় তাহলে জাহাজটি হরমুজে প্রবেশ করবে। না হয় বিকল্প চিন্তা করা হবে। জাহাজের ক্যাপ্টেনকে পুরো গাইডলাইন দেয়া হয়েছে বলেও কমডোর মাহমুদুল মালেক জানান।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ইস্টার্ন রিফাইনারির বার্ষিক রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ইস্টার্ন রিফাইনারির উৎপাদন বন্ধ থাকায় পরিশোধিত তেলের যোগান কিছুটা কমে আসার ফলে পরিশোধিত তেল আমদানি বাড়িয়ে সামাল দেয়া হচ্ছে। মালয়েশিয়া এবং সিঙ্গাপুরসহ পূর্বদিক থেকে প্রচুর পরিশোধিত তেল আমদানি হচ্ছে উল্লেখ করে বিপিসির ওই কর্মকর্তা জানান, আমরা পরিস্থিতি মোকাবেলার সর্বাত্মক চেষ্টা করছি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধবটি হাতে মাকে মারধর, ভিডিও গেমে আসক্ত ছেলে পুলিশ হেফাজতে