এক শহর থেকে আরেক শহরে ট্রাক নিয়ে ছুটে বেড়ান। আর দেশের যে প্রান্তেই যান, সেখানেই বিয়ে করেন। এভাবেই একে একে আটটি বিয়ে করে আট সংসার গড়ে তোলেন আব্বাস। মোশাররফ করিম অভিনীত অদ্ভুত চরিত্রকে ঘিরেই দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’।
এবার সেই আব্বাসের গল্পের দ্বিতীয় অধ্যায় আসছে। জনপ্রিয় সিরিজের সিক্যুয়েল ‘বোহেমিয়ান ঘোড়া ২’ নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। তার সঙ্গে যৌথভাবে সিরিজটি পরিচালনা করবেন তার স্ত্রী মুশফিকা মাসুদ।
বিষয়টি অমিতাভ রেজা নিজেই নিশ্চিত করেছেন। প্রথম কিস্তিতে ট্রাকচালক আব্বাসের চরিত্রে অভিনয় করে দর্শকদের নজরকাড়েন মোশাররফ করিম। কাজের সূত্রে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানোর সময় একের পর এক বিয়ে করেন তিনি। গোপনে করা সেই আট বিয়ে এবং আট সংসারকে ঘিরেই তৈরি হয় নানা হাস্যরস, জটিলতা ও বিপত্তি।












