জলদস্যু থেকে আলোর পথের অভিযাত্রী হওয়া দক্ষিণ বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলের ১২৭ জনের মাঝে পবিত্র ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণ করেছে র্যাব। গতকাল নগরীর পতেঙ্গায় থাকা র্যাব–৭ এর এলিট হলে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী এবং পেকুয়া উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকৃত আলোর পথের অভিযাত্রীদের মাঝে ঈদ শুভেচ্ছা ও উপহারসামগ্রী বিতরণ করা হয়। পরে আলোর পথের অভিযাত্রীদের বর্তমান জীবন যাপনের উপর একটি বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
র্যাব জানায়, ১২৭ আলোর পথের যাত্রীর মধ্যে ২০১৮ এবং ২০২০ সালে ৭৭ জন জলদস্যু প্রথমে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসে। উপকূলীয় এলাকায় ডাকাতি, জলদস্যুতাসহ নানামুখী অপরাধ প্রতিরোধে কার্যকর বিকল্প ব্যবস্থা গ্রহণ করলে ২০২৪ সালে আরো ৫০ জন জলদস্যু র্যাবের কাছে আত্মসমর্পণ করেন।
র্যাব–৭ থেকে জানানো হয়, ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে র্যাব–৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমানসহ র্যাব– ৭ এ কর্মরত অফিসার ফোর্স ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে র্যাবের কল্যাণমূলক কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ ও অপকর্ম থেকে ফিরে এসে সুন্দর ও স্বাভাবিকভাবে জীবনযাপনের অনুপ্রেরণা যোগানোর কথা প্রকাশ করেন আলোর পথের অভিযাত্রীরা।











