বান্দরবানের আলীকদম উপজেলায় দুর্গম তৈনফা মৌজার পাহাড়ে জুম ক্ষেতে একটি বন্য ভাল্লুককে হত্যা করেছে জুমিয়া যুবকরা। হত্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যা করা ভাল্লুকের ভিডিও ছবি ছড়িয়ে দেয়া ভিডিওতে কয়েকজন যুবকের কথোপকথনে আনন্দ উল্লাস করতে দেখা গেছে। ঘটনাটি ঘটেছে আলীকদম সদর ইউনিয়নের থানচি–আলীকদম উপজেলা মধ্যেবর্তী ডোওরি পাড়া এলাকায়।
নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানায়, পাহাড়ে চাষ করা জুম ক্ষেতের ফসল নষ্ট করে বন্য ভাল্লুকেরা। ভাল্লুকের আক্রমণে জুম চাষীসহ পাহাড়ি সমপ্রদায়ের অনেকেই প্রতিবছর আহত হয় আলীকদমে। জুম ক্ষেতের ফসল রক্ষায় বন্য একটি ভাল্লুককে ফাঁদ পেতে আঘাত করে হত্যা করেছে জুম চাষী যুবকেরা। ঘটনাটি গত শনিবারের ডোওরি পাড়া এলাকায় জুম ক্ষেতে ঘটেছে। বোমাং সার্কেলের ২৯১ তৈনফা মৌজার এলাকাবর্তী থানচি উপজেলার নিকটবর্তী। তবে স্থানীয় আরও কয়েকজনের দাবি, ঘটনাটি মাস দেড়েক আগের ঘটনা। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) লামা উপজেলা সভাপতি রুহুল আমিন বলেন, বন্য প্রাণী হত্যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি। বন্য প্রাণী হত্যার কারণে ভাল্লুক, হরিণ, মেজো বাঘসহ বন্য প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে বান্দরবান জেলায়। ভাল্লুক হত্যার ঘটনাটি দুঃখজনক। ঘটনাটির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। আলীকদম সদর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল মতিন বলেন, ডোওরি পাড়া আলীকদমের ২৯১ নং তৈনফা মৌজায় পড়েছে। এলাকাটি অত্যন্ত দুর্গম নেটওয়ার্ক না থাকায় তাৎক্ষণিক খবরাখবর পাওয়া যায় না বলে ভাল্লুক হত্যার ঘটনাটি শুনিনি। বনবিভাগের তৈনফা রেঞ্জ কর্মকর্তা মতিয়ার রহমান জানান, ছুটিতে থাকায় ঘটনাটি আমি শুনিনি। তবে সংশ্লিষ্ট বনপ্রহরীর মাধ্যমে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম বিষয়টি বনবিভাগের দায়িত্বশীলদের মাধ্যমে তদন্ত করার কথা জানিয়েছেন।












