আর্জেন্টিনার আরও উন্নতি দরকার : কোচ স্কালোনি

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৩ জুলাই, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

সুইজারল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল জিতে মুখ খুলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ১০ জনের সুইজারল্যান্ডের বিরুদ্ধেও ১২০ মিনিট লড়াই করতে হয়েছে লিওনেল মেসিদের। এই জয়ের পর আর্জেন্টিনা শিবিরের নজরে স্বাভাবিকভাবেই এখন ইংল্যান্ড। তবে বিশ্বকাপ সেমিফাইনালকেও আর পাঁচটা ফুটবল ম্যাচ হিসাবেই দেখছেন আর্জেন্টিনার কোচ। রোববার সেমিফাইনালে ওঠার পর তিনি বলেছেন, ‘সুইজারল্যান্ডের বিরুদ্ধে সত্যিই আমাদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে। জানতাম ওরা শারীরিকভাবে খুব শক্তিশালী দল। কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম আমরা। সেখান থেকে ম্যাচ বের করে আনা সহজ ছিল না। সত্যি বলতে ওদের এক জন কমে যাওয়ার পর আমরা অনেক আক্রমণ তৈরি করতে পেরেছি।’ আর্জেন্টিনার কোচ মেনে নিয়েছেন বিশ্বকাপ ধরে রাখতে হলে দলের খেলায় আরও উন্নতি প্রয়োজন। তিনি বলেছেন, ‘আমাদের উন্নতি করার বেশ কিছু জায়গা আছে। বাস্তব অস্বীকার করে লাভ নেই। পরের ম্যাচের আগেই আমাদের পারফরম্যান্স বিশ্লেষণ করতে হবে।’ মেসিরা লড়াই করে জয় ছিনিয়ে নেওয়ায় কিছুটা স্বস্তি পাচ্ছেন স্কালোনি। আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘কঠিন লড়াই করতে হবে জানতাম। তবে লড়াই আমাদের রক্তেই রয়েছে। এটা আমাদের ডিএনএর অংশ। এটাই আমাদের মনে শান্তি এনে দেয়।’ তিনি আরও বলেছেন, ‘কাতারে আমাদের তেমন অভিজ্ঞতা ছিল না। কোচ হিসাবেও নিজেও তত অভিজ্ঞ ছিলাম না। ফলে এই রকম পরিস্থিতিগুলো আরও কঠিন মনে হত। এখন আমাদের সকলেই কমবেশি অভিজ্ঞ। প্রতিপক্ষ কোণঠাসা করে দিলে বা গোল শোধ করে দিলে কেমন অনুভূতি হয় আমরা জানি। চাপের পরিস্থিতিতে আমরা এখন মাথা ঠান্ডা রাখতে পারি। পরিস্থিতি কঠিন হলেও জানতাম, আমার ফুটবলারেরা হাল ছাড়বে না। এই লড়াইয়ের মানসিকতাটাই আসল। ওরা বেশ ভাল খেলেছে। একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে আমরা সমস্যায় পড়েছি। পর পর পাঁচছ’টা পাস খেলাও কঠিন হচ্ছিল। আমাদের বেঞ্চে এমন কিছু ফুটবলার রয়েছে যারা খেলা ঘুরিয়ে দিতে পারে। এটা এই দলের একটা ভাল দিক। শেষ পর্যন্ত আমরা যে জিততে পরেছি এটাই স্বস্তির।’ জয়ের কৃতিত্ব ফুটবলারদের দিয়েছেন স্কালোনি। আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘এটা সম্পূর্ণ ফুটবলারদের কৃতিত্ব। ওরা একটা পদ্ধতির উপর আস্থা রেখেছে। সকলে ঐক্যবদ্ধ। সকলে একসঙ্গে চেষ্টা করছি। ফুটবল খেলাটা সহজ নয়।’ আর্জেন্টিনার কোচ প্রশংসা করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের। তাঁর গোলেই অতিরিক্ত সময়ে স্বস্তি ফেরে আর্জেন্টিনা শিবিরে

স্কালোনি বলেছেন, তাঁদের লক্ষ্যই ছিল ম্যাচ টাইব্রেকার পর্যন্ত গড়াতে না দেওয়ার। তিনি বলেছেন, ‘আমরা জিতেছি উচ্চাকাঙ্খার কারণে। ম্যাচ পেনাল্টিতে যাক চাইনি আমরা। খেলার মানের চেয়ে কখনও কখনও জয়টা বেশি গুরুত্বপূর্ণ হয়। এই ম্যাচটা তেমনই ছিল। আমরা এখন সেমিফাইনালে। মনে হতেই পারে ফুটবলে এটা স্বাভাবিক। ব্যাপারটা কিন্তু এত সহজ নয়। স্বাভাবিক ভাবেই আমাদের যথেষ্ট খুশি হওয়ার এবং উত্তেজিত হওয়ার কারণ রয়েছে।’ সেমিফাইনালে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলে ব্যাপারে স্কালোনি বলেছেন, ‘এটাও আর একটা ফুটবল ম্যাচ। আমরা আমাদের সর্বস্ব দিয়ে লড়াই করব। শেষ পর্যন্ত লড়াই করব। শরীরের শেষ ঘামের বিন্দু পর্যন্ত লড়ে যাব। সাফল্য পেলে দারুণ হবে। না পারলেও নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টার ক্রটি রাখব না।’

পূর্ববর্তী নিবন্ধমেসির রেকর্ড গড়া অব্যাহত
পরবর্তী নিবন্ধমোশাররফ-জুঁইয়ের ‘এক পাতিলের সংসার’