আমরা বসন্তের কোকিল নই, দেশ ছেড়ে পালাই না

নির্বাচনি জনসভায় জামায়াত আমির মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার

| বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:২৫ পূর্বাহ্ণ

দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনাকারী দলগুলোর কঠোর সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, দুর্নীতি আর রাজনীতি একসঙ্গে চলতে পারে না। গতকাল বুধবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ হেলিপ্যাড মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী একটি দলকে উদ্দেশ্য করে বলেন, কেউ কেউ শুরুতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ছিলেন না। পরে পরিস্থিতি বুঝে অবস্থান বদলেছেন। আমরা বসন্তের কোকিল নই। আমরা দেশ ছেড়ে পালাই না, দেশেই থাকব। এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এবার দুটি ভোটএকটি ‘হ্যাঁ’, একটি দলীয়। ‘হ্যাঁ’ মানে আজাদী, ‘না’ মানে গোলামি। ‘হ্যাঁ’ ভোটের বিজয় মানে জনতার বিজয়। খবর বিডিনিউজের।

এ সময় উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত এবং এখান থেকেই উন্নয়নের বীজ রোপণ করা হবে বলে মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, তিস্তা এই অঞ্চলের অহংকার। কথা দিচ্ছি, তিস্তাকে ঘিরেই উত্তরাঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা হবে। যে কোনো কিছুর বিনিময়ে হলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। পাশাপাশি বুড়িমারী স্থলবন্দরসহ সড়ক ও রেলপথের উন্নয়ন হবে।

মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় : এদিকে বিকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের জনসভায় বক্তব্য দেন জামায়াত আমির। এখানে তিনি বলেছেন, বিগত ৫৪ বছরে অনেক নির্বাচন হয়েছে। অনেক ওয়াদা দেওয়া হয়েছে। কিন্তু ওয়াদা ওয়াদার জায়গায় রয়ে গেছে। জুলাই যুদ্ধে যুবকরা একটা দাবি করতেন– ‘উই ওয়ান্ট জাস্টিস’। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে ইনসাফ থাকবে, যেখানে কর্মসংস্থানের সুযোগ থাকবে, নিরাপত্তা থাকবে। আমরা আগামীতে মানবিক বাংলাদেশ গড়তে চাই। তিনি বলেন, অনেক জুলুমনির্যাতন সহ্য করার পরও দেশ ছাড়ি নাই, এই মাটি ছেড়ে যাই নাই। আমরা দুঃখের সময় আপনাদের সঙ্গে, সুখের সময়ও আপনাদের সঙ্গে থাকব। আমরা জাতিকে পিছিয়ে নিতে চাই না। আমরা জাতিকে এগিয়ে নিতে চাই। ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন জাতি আদায় করে ছাড়বে।

টাঙ্গাইল(সদর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতের ঢাকা উত্তরাঞ্চলের সদস্য হযরত মাওলানা দেলোয়ার হোসেন, জামায়াতের কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ খলিলুর রহমান মাদানী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, খেলাফত মজলিশের সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহাবুদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে : সালাহউদ্দিন
পরবর্তী নিবন্ধযাদের শুরু অনৈতিকতায়, তারা সৎ শাসন দেবে কীভাবে