আমরা নিবিড়ভাবে নজর রাখছি

মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ প্রসঙ্গে ভারত

| শনিবার , ২৯ আগস্ট, ২০২৬ at ৫:২৪ পূর্বাহ্ণ

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আগ্রহ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতের নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে এমন সব বিষয়ের ওপর তারা নিবিড় নজর রাখছেন।

গতকাল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করেন ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুর সাংবাদিক কল্লোল ভট্টাচার্য। তিনি জানতে চান, মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশ থেকে যেসব মন্তব্য আসছে, সে বিষয়ে ভারতের অবস্থান কী?

কল্লোল বলেন, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই চুক্তির বিষয়ে কথা বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশ এতে যোগ দেবে কি না, তা একান্তই তাদের নিজস্ব সিদ্ধান্ত এবং এটি নিয়ে কারও অস্বস্তির কিছু নেই। তিনি এ চুক্তিকে ইসলামি পরিবারের নিজেদের বিষয় বলেও আখ্যা দিয়েছেন। খবর বিডিনিউজের।

এ প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, আপনার প্রশ্নের জবাবে আমার এটুকুই বলার আছে যে, ভারতের নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে এমন সব গতিবিধির দিকে আমরা নিবিড়ভাবে নজর রাখছি এবং আমাদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ আমরা গ্রহণ করব।

দিল্লির সংবাদ সম্মেলনে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়েও মুখপাত্রের কাছে জানতে চাওয়া হয়। সাংবাদিক গৌতম লাহিড়ী প্রশ্ন করতে গিয়ে বলেন, বাংলাদেশে হিন্দু পরিবারগুলোকে নিশানা করা হচ্ছে এবং বাংলাদেশ সরকার সেখানে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। এ নিয়ে ভারতের কোনো উদ্বেগ রয়েছে কি না?

জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অত্যন্ত সংক্ষিপ্ত উত্তরে বলেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়টি সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকারের দায়িত্ব।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় ২৪০ জন গ্রেপ্তার