আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোপুরি ডিজিটালাইজড করা হচ্ছে

কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ at ৭:১৫ পূর্বাহ্ণ

অভ্যন্তণীর সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, আমদানিরপ্তানি কার্যক্রম পুরোপুরি ডিজিটালাইজড করা হচ্ছে। আমদানি পণ্যের কমার্শিয়াল ইনভয়েস অনলাইনে যাচাই করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্যাকিং লিস্টও অনলাইন করা হবে। তবেই পেপারলেস কাস্টমস পুরোপুরি বাস্তবায়ন হবে। একজন যোগ্য ও শিক্ষিত নাগরিক যেন সিএন্ডএফ পেশায় আসতে পারে, সেজন্য প্রতি বছর সিএন্ডএফ লাইসেন্স প্রদানের ব্যবস্থা নেয়া হয়েছে। একই সিএন্ডএফ লাইসেন্সের আওতায় সব কাস্টমস স্টেশনে কাজ করার সুযোগ দেওয়া হবে। ঈদের ছুটিতে সিএন্ডএফ এজেন্টরা নিরলস দায়িত্ব পালনের কারণে বন্দরে পণ্য জট কম ছিল। গতকাল বুধবার রাতে চট্টগ্রাম ক্লাবের চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সাথে প্রাকবাজেট মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে রাজস্ব আহরণ বৃদ্ধি করতে হবে। এজন্য অভ্যন্তরীণ করব্যবস্থা সুসংহত করতে হবে। দেশকে ভালভাবে পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন, তার সংস্থান যথাযথভাবে হতে হবে। রাজস্ব ব্যবস্থায় ডিসিপ্লিন পরিবেশ আনতে হবে। এনিবআর চেয়ারম্যান চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের যৌক্তিক প্রস্তাবনাসমূহ ইতিবাচকভাবে গ্রহণ এবং কাস্টমস সিএন্ডএফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা সংশোধনের প্রস্তাবনাসমূহ গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস প্রদান করেন।

চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলমের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক শফিউল আজম খানের সঞ্চালনায় সভায় বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী। তিনি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালার সিএন্ডএফ পেশা স্বার্থ বিরোধী কালো বিধিসমূহ বাতিল, সিএন্ডএফ কমিশনের উপর উৎসে কর হার হ্রাস ও উৎসে পরিশোধিত করকে চূড়ান্ত করদায় হিসাবে বিবেচনা করা, আমদানি পণ্য বন্দরে অবতরণের ৪৫ দিন পূর্বে নিলামে তালিকাভুক্ত না করা, স্থল স্টেশন থেকে লাইসেন্স প্রাপ্ত সিএন্ডএফ এজেন্টদের কাস্টমস হাউসে অধিক্ষেত্র সংযোজনের বিধান রহিত করা, আমদানি পণ্যের শ্রেণীবিন্যাসে অসংগতিসহ শুল্কায়ন প্রক্রিয়া সহজীকরণ ও রাজস্ব আহরণ ত্বরান্বিত করার বিষয়ে এক গুচ্ছ প্রস্তাবনা বই আকারে এনবিআর চেয়ারম্যান বরাবর উপস্থাপন করেন।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মুহাম্মদ মুবিনুল কবীর, সদস্য (ভ্যাট নীতি) মো. আজিজুর রহমান, কাস্টমস হাউস, আইসিডি চট্টগ্রামের কমিশনার আবুল বাসার মো. শফিকুর রহমান, কাস্টমস হাউস চট্টগ্রামের কমিশনার মো. শফি উদ্দিন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সল মো. মুরাদ, কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক ম. সফিউাজ্জামান, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার মো. মাহফুজুল হক ভূঞা, কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মো. জাকির হোসেন, কর কমিশনার (আপিল) এর কমিশনার শামিনা ইসলাম, কর অঞ্চল২ এর কমিশনার সাধন কুমার রায় প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত বন্ধু
পরবর্তী নিবন্ধনিজেদের দুর্দশার কথা জানিয়ে সহায়তা পেলেন তারা