চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়ন এলাকায় অবস্থিত আবুল খায়ের স্টিল মিলে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামলা ও ভাঙচুরকালে কারখানার সিকিউরিটি গার্ড, আনসার ও কর্মচারীরা মিলে দুর্বৃত্তদের প্রতিহত করার সময় তাদের ছোড়া ইটপাটকেল নিক্ষেপের ফলে কারখানার ৫ জন শ্রমিক আহত হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত পোনে ১টার দিকে ১০–১৫ জনের দুষ্কৃতকারী দল কারখানার প্রধান ফটকে হামলা চালায়। এ সময় তারা সিকিউরিটি গেট, অফিস রুম এবং কারখানার আসবাবপত্র চেয়ার–টেবিল ভাঙচুর করে কারখানার ভিতরে প্রবেশের চেষ্টা করে। এসময় কারখানার বিভিন্ন কর্মকর্তা–কর্মচারী ও সিকিউরিটি আনসার মিলে তাদেরকে কারখানায় প্রবেশে বাধা দেয় এবং স্থানীয় গ্রামবাসীর কাছে সাহায্য চায়। পরে সকলেই এসে দুষ্কৃতকারীদের প্রতিহত করে। এ বিষয়ে আবুল খায়ের স্টিল মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ ইমরুল কাদের ভূঁইয়া আজাদীকে জানান, এর আগেও ডাকাত দলটি কয়েকবার সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে কারখানার মূল্যবান তামা, পিতল, লোহা, তামার ওয়্যাইর মটর, ওয়েল্ডিং মেশিনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। এসব ঘটনায় মামলা করলে তারা আরও ক্ষিপ্ত হয়ে উঠে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্বরাষ্ট্র দপ্তরে জানানো হয়েছে। কারখানার কর্মকর্তা–কর্মচারীরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে থানায় মামলার দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, এ ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। উক্ত কারখানাটির কর্তৃপক্ষ এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।









