রাউজান উপজেলাধীন আবুরখীল খেলোয়াড় সমিতি আয়োজিত অভ্যন্তরীণ অনূর্ধ্ব–১৪ কিশোর ফুটবল টুর্নামেন্ট গতকাল শুক্রবার থেকে আবুরখীল অমিতাভ হাই স্কুল মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত ২টি খেলার প্রথমটিতে আবুরখীল হলুদ দল ২–১ গোলে আবুরখীল সাদা দল’কে পরাজিত করে। জয়ী দলের বি বি ও পোলেন্ড গোল করে। পোলেন্ড সেরা খেলোয়াড় হয়। একই মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় আবুরখীল নীল দল ১–০ গোলে আবুরখীল লাল দলকে হারিয়েছে। একমাত্র জয়সূচক গোলটি করে সেরা খেলোয়াড় হয় জয়ী দলের অপূর্ব বড়ুয়া। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাবেক ফুটবলার ও অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা দীনেশ চন্দ্র বড়ুয়া প্রধান অতিথি এবং সাবেক ফুটবলার ও অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা নেপাল বড়ুয়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। আবুরখীল খেলোয়াড় সমিতির সভাপতি সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় আবুরখীল খেলোয়াড় সমিতির কোষাধ্যক্ষ অসীম বড়ুয়া অপু, সহকারী ক্রীড়া সম্পাদক হিল্লোল বড়ুয়া পলাশ ও আপ্যায়ন সম্পাদক শ্যামল বড়ুয়া উপস্থিত ছিলেন। দুটি খেলাই পরিচালনা করেন সমিতির নির্বাহী সদস্য এ্যাপেলো বড়ুয়া। খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার বিতরণ করেন আবুরখীল খেলোয়াড় সমিতির সহ–সভাপতি সাজীব বিকাশ বড়ুয়া টুটুল ও সাধারণ সম্পাদক সত্যজিত বড়ুয়া।











