রাঙামাটির সাজেক পর্যটন সড়কে দুই সংগঠনের অনির্দিষ্টকালের সড়ক অবরোধের জেরে সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণ আবারও বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। গতকাল বুধবার রাত আটটার দিকে রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করেন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ২১ অক্টোবর সন্ধ্যা সাতটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে। একই সঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের ২২ অক্টোবর (আজ) বিকেল চারটার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ১১ অক্টোবর এক গণবিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালি ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল। পরবর্তী সময়ে দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হলে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞাও প্রত্যাহার করে প্রশাসন। তবে আজ থেকে আবারও সাজেক পর্যটন সড়কে অবরোধের ডাক দেওয়ায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এই নিষেধাজ্ঞা দেওয়া হলো।












