আপনাদের সেবা করার সুযোগ দিন

৩নং পাঁচলাইশ ওয়ার্ডে গণসংযোগকালে নোমান আল মাহমুদ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৩ এপ্রিল, ২০২৩ at ১০:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ বলেছেন, আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সেবা করার জন্য সুযোগ দিয়েছেন। ২৭ এপ্রিল ভোটের মাধ্যমে আপনারা সেই সেবা করার সুযোগ দিন। আমি বিজয়ী হলে জনগণের কাছে এসে তাদের আশা ও আকাঙ্ক্ষার কথা শুনবো। সেই আকাঙ্ক্ষা পূরণে আমি সচেষ্ট। যদি ব্যর্থ হই, তার দায় ভার আমি নিজে গ্রহণ করবো। গতকাল ৩নং পাঁচলাইশ ওয়ার্ডস্থ অক্সিজেন মোড় চত্বরের পথ সভায় ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নির্বাচনে কে আসবেন, কে আসবেন না সেটা আমাদের বড় নয়। আমাদের কাছে বড় সংবিধান রক্ষা করা এবং এই দায়িত্বটি পালনে আমরা সব সময় জনগণের পাশে আছি থাকবো। তিনি আরো বলেন, বিএনপি কোন রাজনৈতিক দল নয়, তাদের ক্ষমতার উৎস ছিল ক্যান্টমেন্ট আর এখন জামায়াত ও স্বাধীনতা বিরোধী শক্তি। এর রকম একটি পরিস্থিতিতে চট্টগ্রাম৮ আসনের উপনির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনকেও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। কেননা তারা পালাতে চায়, এক সময় নির্বাচন থেকে পালাতে পালাতে নিজেরাই হারিয়ে যাবেন। বাংলাদেশ আওয়ামী লীগ দেশ ও মাটির জন্য যে দায় বদ্ধতা নিয়ে জন্ম গ্রহণ করেছিল তা থেকে একচুলও কখনো নড়েনি। বরং কঠিন সময়গুলোকে জয় করে বার বার জনগণের পাশে থেকেছে এবং তাদের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ ছিল। এই অঙ্গীকার পূর্ণমাত্রায় পালন করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব সফর আলী, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, ডা. তিমির বরণ চৌধুরী, নির্বাহী সদস্য হাজী বেলাল আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের মো, জামাল উদ্দীন, আব্দুর শুক্কুর ফারুকী, মো. ইয়াকুব, সাবেক কাউন্সিলর মো. কফিল উদ্দীন, বর্তমান কাউন্সিলর হাজী মো. সফিকুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশাহ আমানত দরগাহ পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার
পরবর্তী নিবন্ধইলেক্ট্রনিক্স স্কেলে রশি লাগিয়ে কারচুপি