আনোয়ারায় রাতের আধাঁরে ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী এস এম শাহজাহানের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার মধ্যরাতে উপজেলার হাইলধর ইউনিয়নের মধ্যম খাসখামা এলাকার ওয়ার্ড নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে। তবে কারা এ ঘটনায় জড়িত তা জানা যায়নি। এ ঘটনায় মোমবাতি প্রতীকের ব্যানার ছেড়া ও চেয়ার ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় খাসখামা কেন্দ্র কমিটির সচিব কাজী মোহাম্মদ আলী আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইসলামী ফ্রন্ট নেতা মো.নাজিম উদ্দীন অভিযোগ করে বলেন,রাতের আঁধারে আমাদের নির্বাচনী অফিসে দুর্বৃত্তরা হামলা চালিয়ে অফিসের চেয়ার টেবিল ভাঙচুর,ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে সাথে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনাসহ নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানাচ্ছি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জুনায়েত চৌধুরী বলেন, এ ব্যাপারে আমরা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেব।












