আনোয়ারায় দুইটি পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। গত রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলা সদরে অবস্থিত রূপালী ব্যাংক শাখা থেকে ব্যাংকের নিরাপত্তা প্রহরী অঞ্জন মল্লিকের (৫২) মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত অঞ্জন মল্লিকের বাড়ি পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে।অপর ঘটনায় গত রবিবার বেলা ১১টায় বটতলী ইউনিয়নের গুন্ধীপ পাড়া গ্রামের নির্মাণাধীন একটি ছয়তলা ভবনে কাজ করার সময় নিচে পড়ে মো. সিয়াম (১৯) ও মো. আনিস (২৫) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সিয়ামের বাড়ি কুষ্টিয়া এবং আনিসের বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে। জানা গেছে, নিহত রুপালী ব্যাংকের নিরাপত্তা প্রহরী অঞ্জন মল্লিক গত বৃহস্পতিবার ব্যাংক বন্ধ হওয়ার পর থেকে ব্যাংকের ভেতরেই নিরাপত্তা প্রহরী হিসেবে অবস্থান করছিলেন। শুক্র ও শনিবার দুইদিন সাপ্তাহিক ছুটির পর সোমবার সকালে ব্যাংকের কর্মচারীরা অফিস খুলে ঢুকার পরই অঞ্জন মল্লিকের মৃতদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হলে আনোয়ারা থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।অপর ঘটনার ব্যাপারে নির্মাণ শ্রমিক জুনাইদ ইসলাম বলেন, রোবরার সকালে আমরা ছয়জন শ্রমিক ভবনের ছয়তলায় প্লাস্টারের কাজ শুরু করি। এ সময় সিয়াম ও আনিস ভবনের বাইরে পঞ্চম তলার মাচায় দাঁড়িয়ে রেলিংয়ের কাজ করছিলেন। হঠাৎ রেলিং ভেঙে গেলে তারা নিচে মাচার ওপর পড়ে যায়। পরে মাচাটিও ভেঙে পড়লে দুই জনই মাটিতে পড়ে গুরুতর আহত হয়। ঘটনার সাথে সাথে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুনতাসির জাহিন বলেন, একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন হাসপাতালে আনার পর মারা যান।আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, দুই পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।







