আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে একই রাতে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তিন লাখ টাকা মূল্যের তিনটি গরু, একটি মোটরসাইকেল এবং একটি বসতঘরের মালামাল চুরি হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে ইউনিয়নের সৈয়দ কুচাইয়া, শিলাইগড়া ও ঝিওরী গ্রামে এসব ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে চোর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে সংঘবদ্ধ চোরের একটি দল বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের বঙ আলী ফৌজদার বাড়িতে হানা দেয়। চোরেরা গোয়ালঘরের তালা কেটে ভেতরে প্রবেশ করে এবং মোহাম্মদ হোসেনের তিনটি গরু নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর মধ্যে দুটি গাভী ও একটি ষাঁড় রয়েছে। এসব গরুর আনুমানিক মূল্য তিন লাখ টাকা।
স্থানীয় একটি বেসরকারি ব্যাংকের নিরাপত্তা প্রহরী মোহাম্মদ হোসেন বলেন, রাত আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে কোনো একসময় চোরেরা গোয়ালঘরে ঢুকে গরুগুলো নিয়ে যায়। ভোরে উঠে গোয়ালঘরে গিয়ে দেখি, আমার তিনটি গরুই নেই। এ ঘটনায় বুধবার আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দেন তিনি।
অন্যদিকে, একই রাতে বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া গ্রামের একটি ভবনের নিচ থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। মোটরসাইকেলটির মালিক এনজিওকর্মী মোহাম্মদ আবু হানিফ (২৪)। তিনি ভবনটির ভাড়াটিয়া। আবু হানিফ জানান, রাতে মোটরসাইকেলটি ভবনের নিচে পার্কিং করে রাখা হয়েছিল। সকালে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, রাত প্রায় ৩টার দিকে মুখ ঢাকা অবস্থায় দুই ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে চলে যায়। মোটরসাইকেলটি নতুন কেনা হওয়ায় এর নিবন্ধন প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি বলে তিনি জানান।
একই রাতে ইউনিয়নের ঝিওরী গ্রামেও একটি বসতঘরে চুরির ঘটনা ঘটে। ঘরটিতে প্রবাসীর স্ত্রী বসবাস করলেও অসুস্থতার কারণে তিনি বর্তমানে বাবার বাড়িতে অবস্থান করছেন। এ সুযোগে চোরেরা ঘরে ঢুকে মূল্যবান কিছু না পেয়ে ব্যবহৃত হাঁড়ি–পাতিল, শাড়ি, কাপড়চোপড় ও বিছানার চাদর নিয়ে যায়।
ভুক্তভোগীর ভাই সুমন দত্ত বলেন, আমার ভাই রিপন দত্ত কাতারপ্রবাসী। তার স্ত্রী অসুস্থ থাকায় বর্তমানে বাবার বাড়িতে আছেন। ঘরটি ফাঁকা থাকার সুযোগে চোরেরা ভেতরে ঢুকে প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র নিয়ে গেছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, গবাদিপশু ও মোটরসাইকেল চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। পুলিশ গুরুত্বের সঙ্গে ঘটনাগুলো তদন্ত করছে।











