অনেকদিন ধরেই নতুন কোনো গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন না আনুশেহ আনাদিল। তাঁর ভক্ত– শ্রোতাদের অনেকের মনেই প্রশ্ন কোথায় আছেন তিনি? কেন আগের মতো সংগীতে দেখা যাচ্ছে না? সেই প্রশ্নের একটি বড় উত্তর মিলেছে তাঁর সামপ্রতিক এক দীর্ঘ ফেসবুক পোস্টে। দীর্ঘদিন পর অন্তর্জালে ফিরে আনুশেহ অন্ধকারের ভেতর থেকে দেশের প্রতি একটি চিঠি শিরোনামে একটি লেখা শেয়ার করেছেন। সেখানে আনুশেহ লিখেছেন, বাংলাদেশে এমন এক বিশাল জনগোষ্ঠী আছে, যাদের আমরা দেখি না। তারা টেলিভিশনের পর্দায় নেই। তারা রাজনৈতিক মঞ্চে নেই। তারা প্রতিদিন সামাজিক মাধ্যমে নিজেদের ছবি প্রকাশ করে না। তবু তারা আছে। তারা কবিতা লেখে। তারা গান বাঁধে। তারা রাত জেগে ছবি আঁকে। তারা পুরোনো নদীর নাম মনে রাখে। তারা হারিয়ে যাওয়া লোকগাথা কুড়িয়ে বেড়ায়। তারা একটি দেশের আত্মাকে বাঁচিয়ে রাখে। কিন্তু তাদের অধিকাংশই বাস করে আলোয় নয় অন্ধকারে। এই অন্ধকার কোনো অপরাধের অন্ধকার নয়। এটি অবহেলার অন্ধকার। অশ্রুত থাকার অন্ধকার। নিজের দেশকে ভালোবেসেও সেই ভালোবাসার প্রতিধ্বনি না পাওয়ার অন্ধকার। অবহেলার অন্ধকারে থাকা শিল্পীদের কথা যেমন লিখলেন তেমনি, তার প্রতিষ্ঠিত লাইফস্টাইল ব্র্যান্ড যাত্রা’র ফেসবুক পেজ থেকেও জানান দিয়েছেন তার বর্তমান কর্মকাণ্ডের কথা। পোস্টে আনুশেহ নিজেকে আর প্রতিষ্ঠাতা হিসেবে নয়, যাত্রার মা হিসেবে পরিচয় দিয়েছেন। একইসঙ্গে তুলে ধরেছেন যাত্রার ২৬ বছরের পথচলা, নিজের বদলে যাওয়া দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ ভাবনা। এদিকে, সংগীতশিল্পী কিংবা উদ্যোক্তা দু্ই পরিচয়ের বাইরে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশের কথা রয়েছে আনুশেহর।











