উচ্চ আদালতের আদেশে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচন ঝুলে গেছে। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের চার সদস্যের পূর্ণাঙ্গ চেম্বার আদালতে এ বিষয়ে শুনানি হয়। উচ্চ আদালত আগামী ২৬ এপ্রিলের মধ্যে এফবিসিসিআইয়ের বিকল্প বিরোধ নিষ্পত্তি ট্রাইব্যুনালে চট্টগ্রাম চেম্বারের বিরোধ নিষ্পত্তি করে সিদ্ধান্ত দিতে বলা হয়েছে। ফলে ৪ এপ্রিল নির্বাচনের সুযোগ নেই। এর আগে গত ৩ মার্চ স্থগিত হওয়া চট্টগ্রাম চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছিল।
চেম্বার সূত্র জানায়, এর আগে টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের আটটি সংগঠনকে বাদ দিতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয় চট্টগ্রাম চেম্বার। পরে গত বছরের ৪ সেপ্টেম্বর মন্ত্রণালয় এই আট সংগঠনকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে চট্টগ্রাম গার্মেন্টস এক্সেসরিজ গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হাইকোর্টে রিট করেন। এফবিসিসিআইতেও অভিযোগ করেন তিনিসহ তিন ব্যবসায়ী। রিটের ভিত্তিতে প্রথমে গত ২২ অক্টোবর হাইকোর্ট দুই শ্রেণিকে বাদ দিয়ে নির্বাচন পরিচালনার নির্দেশনা দিয়ে রুল জারি করেন। পরে ৪ সেপ্টেম্বর চিঠিতে স্থগিতাদেশ দেন। আপিলে ৩০ অক্টোবর আদালত দুই সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করেন। এরপর ১১ ডিসেম্বর হাইকোর্ট ছয়টি টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের ছয় প্রতিনিধিকে অংশ নেওয়ার সুযোগ দেন। এ আদেশের বিরুদ্ধেও আপিল করেন মোহাম্মদ বেলাল। ওই আপিলের পরিপ্রেক্ষিতে আদালত গত বৃহস্পতিবার এই আদেশ দেন। তবে এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় থেকে চেম্বার নির্বাচনে বাধা নেই বলে আইনি মতামত দেওয়া হয়েছিল। রিটকারী ব্যবসায়ী মোহাম্মদ বেলালের পক্ষে আইনজীবী আশফাকুর রহমান বলেন, আদালত আগামী ২৬ এপ্রিলের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে এফবিসিসিআইয়ের ট্রাইব্যুনালকে সিদ্ধান্ত দিতে আদেশ দিয়েছে। এ ছাড়া হাইকোর্টের সর্বশেষ আদেশকে আমলে না নিতেও নির্দেশ দিয়েছে। আদালত মৌখিকভাবে বলেছেন, ৪ এপ্রিল নির্বাচনের সুযোগ নেই।












