শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী। আজ সকালে প্রতিটি পূজা মণ্ডপে হবে দশমীর বিহিত পূজা। পূজা শেষে দর্পণ ও বিসর্জন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের টানা ছয়দিনের প্রধান ধর্মীয় উৎসব–শারদীয় দুর্গাপূজা। গতকাল মঙ্গলবার মহানবমীর সন্ধ্যায় আরতি শেষে দেবীর বন্দনায় প্রতিটি পূজামণ্ডপে বিষাদের সুর বাজতে শুরু করে।
হিন্দু সমপ্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়। এবার টানা ছয়দিনের আনন্দ উৎসবের পর আজ বুধবার বিজয়া দশমীর দিন দেবী বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। বিজয়া দশমীতে দেবী দুর্গা মর্ত্য ছেড়ে কৈলাশে (স্বামীগৃহে) ফিরে যাবেন। দেবীদুর্গার সঙ্গে ধনের দেবী লক্ষ্মী, জ্ঞানের দেবী সরস্বতী, গনেশ, কার্তিক, অসুর, মহিষ, সিংহের মৃন্ময়সহ তৈরি হয়েছে প্রতিমা।
গতকাল মঙ্গলবার মহানবমীতে প্রতিটি মন্দির, মণ্ডপে যেন মিলেমিশে গেছে ভক্তদের আনন্দ–বেদনা। সকালে কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে শুরু হয় নবমীর আনুষ্ঠানিকতা। পূজা শেষে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন। মন্দিরে–মন্দিরে বেজে ওঠে ঢাক, ঢোল, কাঁসর, ঘণ্টা। শঙ্খ ধ্বনিতে উচ্ছ্বসিত হয়ে ওঠে প্রতিটি পূজা মণ্ডপ। মন্দিরে–মন্দিরে মন্ত্র উচ্চারণ আর প্রার্থনার মধ্য দিয়ে দেশের ও দেশের মানুষের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
সকালে মহানবমী পূজা শেষে ভক্তদের অঞ্জলী গ্রহণ ও প্রসাদ গ্রহণের মধ্যদিয়ে দেবী দুর্গার বন্দনায় ছিল ভিন্ন এক আবহ। মহানবমী বিহিত পূজা শেষে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি নিবেদনের মধ্যদিয়ে বিদায়ের সুর বেজেছে ভক্তের হৃদয়ে।
গতকাল মহানবমী পূজার দিনে চট্টগ্রাম মহানগরী, জেলা ও উপজেলার মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় ছিল গভীর রাত পর্যন্ত। ভক্তরা মণ্ডপে অঞ্জলি ও ভোগ দিয়েছেন। মহানবমীতে মহানগরীর বিভিন্ন মন্দিরে ভক্তের ঢল নামে। হাজার–হাজার ভক্ত মন্দিরে–মন্দিরে দেবী দর্শনে আসেন। বিশেষ করে নগরীর ঐতিহ্যবাহী পূজা মণ্ডপগুলোতে তিল ধারণের ঠাঁই ছিল না।
চট্টগ্রামের জেএমসেন হল পূজা মণ্ডপ, চেরাগী পাহাড় পূজা মণ্ডপ, জামালখান বাইলেইন পূজা মণ্ডপ, প্রবর্ত্তক সংঘ বাংলাদেশ পূজা মণ্ডপ, কুসুম কুমারী স্কুলে সিটি কর্পোরেশনের দুর্গাপূজা মণ্ডপ, দেওয়ানজী পুকুর মহাশক্তি সম্মিলনী পূজা মণ্ডপ, রাজাপুকুর লেইন পূজা মণ্ডপ, পাথরঘাটা গঙ্গাবাড়ি পূজা মণ্ডপ, হাজারী লেইন পূজা মণ্ডপ, নালাপাড়া পূজা মণ্ডপ, আগ্রাবাদ একাতা সংঘ, বোয়ালখালী জ্যেষ্ঠপুরা দুর্গাপূজা মণ্ডপ, আনোয়ারা উপজেলার কচিকাঁচা গোষ্ঠা পূজা মণ্ডপ, শিলালিয়া পল্লী উন্নয়ন দুর্গাপূজা মণ্ডপসহ নগরীর ২৯৪টি ও জেলার ১৬৫৫টিসহ মোট ১৯৫৯টি পূজা মণ্ডপে মহাষষ্ঠী পূজা থেকে গতকাল মহানবমী পর্যন্ত ভক্তরা প্রতিদিন পূজা আনন্দ উপভোগ করেছেন।
পতেঙ্গা সমুদ্র সৈকতে আজ প্রতিমা বিসর্জন : দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে আজ বুধবার শেষ হবে বাঙালি হিন্দু সমপ্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতি বছরের মতো এবারও নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকতে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়েছে। পতেঙ্গা সমুদ্র সৈকত ছাড়াও নগরীর অভয়মিত্র ঘাট, কালুরঘাটসহ বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
আজ সকালে দশমী পূজা শেষে দুপুরের পর থেকে বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা নিয়ে পতেঙ্গ সমুদ্র সৈকতে বিসর্জনে উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। বিসর্জনের জন্য সৈকত এলাকায় নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। বিসর্জন অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক।











