আগ্রাবাদে আবাসিক এলাকা থেকে গাড়ি চুরি: গ্রেফতার চোর, গাড়ি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | শনিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ২:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। অভিযানে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া ৪০ লক্ষ টাকা মূল্যের একটি বিলাসবহুল ‘নিশান এক্সট্রেইল’ গাড়ি।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা অনুমান ০৭:০০ ঘটিকার সময় জনৈক ভুক্তভোগী তার ব্যবহৃত নিশান এক্সট্রেইল (রেজিঃ নং-CHATTA METRO GHA-11-4971, ইঞ্জিন নং-MR20-2295840, চেসিস নং-HNT32-166558) মডেলের গাড়িটি ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ২৩১ নম্বর বাড়ি ‘দি বিটিআই মেট্রোপোল’-এর গ্রাউন্ড ফ্লোরে পার্কিং করে বাসায় যান।

পরদিন, অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি সকাল ১০:৩০ ঘটিকায় বিল্ডিংয়ের দারোয়ান জানান যে, পার্কিংয়ে থাকা ৪০ লক্ষ টাকা মূল্যের উক্ত গাড়িটি চুরি হয়ে গেছে। ভুক্তভোগী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে থানায় এজাহার দায়ের করলে ডবলমুরিং মডেল থানায় একটি মামলা (মামলা নং-১৯, তারিখ: ২৭/০২/২০২৬ ইং, ধারা-৩৮০ পেনাল কোড) রুজু করা হয়।

মামলা রুজু হওয়ার পরপরই সিএমপি’র পশ্চিম বিভাগের ডবলমুরিং মডেল থানার একটি আভিযানিক টিম তাৎক্ষণিক তদন্ত শুরু করে। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান চালানো হয়।
অভিযানে ঘটনার সাথে সরাসরি জড়িত আসামী মোঃ সাইমন (৩৬)-কে সনাক্তপূর্বক গ্রেফতার করা হয়। সাইমন নোয়াখালীর বেগমগঞ্জ থানার বাবুনগর এলাকার মৃত আব্দুর রবের ছেলে। বর্তমানে সে ডবলমুরিং থানার বেপারীপাড়া, ফয়েজ আহমেদ লেইনের আব্দুল হক সওদাগরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

গ্রেফতারকৃত আসামী সাইমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন ডিসি পার্ক এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই বাদীর চুরি হওয়া নিশান এক্সট্রেইল গাড়িটি উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

পুলিশের রেকর্ড (PCPR) অনুযায়ী, গ্রেফতারকৃত সাইমন একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে সিএমপি’র ডবলমুরিং মডেল থানায় ইতিপূর্বেও একটি মামলা (এফআইআর নং-৬, তারিখ-০৬ ডিসেম্বর, ২০২৩, ধারা-৩৭৯ পেনাল কোড) বিচারাধীন রয়েছে।

পুলিশ জানায়, আসামীকে ডবলমুরিং মডেল থানার ১৯ নম্বর মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বেপরোয়া বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
পরবর্তী নিবন্ধলামায় দুইটি ইটভাটায় অভিযানে মোট ৫ লক্ষ টাকা জরিমানা