জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব কমিয়ে আনার লক্ষ্যে গৃহীত বিভিন্ন ঐক্যবদ্ধ পদক্ষেপ, সহযোগিতা এবং উদ্ভাবনী সমাধানের সাথে সামঞ্জস্য রেখে এইচএসবিসি এবং চিটাগাং চেম্বারের উদ্যোগে ‘টুগেদার ফর ক্লাইমেট’ আয়োজন গতকাল বুধবার চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। বঙ্গোপসাগরের কাছাকাছি অবস্থানগত কারণে চট্টগ্রাম বরাবরই জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। ভৌগলিক অবস্থান ও ঘনবসতির কারণে শহরটি জলবায়ু–সম্পর্কিত প্রতিকূলতায় সংবেদনশীল। ‘টুগেদার ফর ক্লাইমেট’ উদ্যোগের মাধ্যমে এইচএসবিসি গ্রাহক, কর্মী এবং সমাজের সর্বস্তরের মানুষের সচেতন অংশগ্রহণে একটি টেকসই ভবিষ্যৎ তৈরিতে সত্রিয় ভূমিকা পালন করবে।
আগামী প্রজন্মের জন্য একটি সবুজ এবং টেকসই ভবিষ্যতের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার জন্য এই উদ্যোগ বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যক্তি, সম্প্রদায়, সংস্থা এবং সরকারকে একত্রিত করেছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে টেকসই ব্যবসায়িক চর্চা বিষয়ক আলোচনা সভার পাশাপাশি অতিথিরা নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন। চট্টগ্রামের প্রধান শিল্প খাতগুলোর উল্লেখযোগ্য অগ্রগতিও অনুষ্ঠানে তুলে ধরা হয়।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম উদ্বোধনী বক্তব্য রাখেন। এরপর পরিবেশ ও বন মন্ত্রী মো. সাহাব উদ্দিন এমপির পক্ষ থেকে একটি ভিডিও শুভেচ্ছাবার্তা উপস্থাপন করা হয়। তাছাড়া জেট্রো বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্দো বক্তব্য রাখেন। এইচএসবিসির পক্ষ থেকে বক্তব্য রাখেন ব্যাংকটির দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার গ্লোবাল ট্রেড অ্যান্ড রিসিভেবলস্ ফিন্যান্স প্রধান ইয়ান জে ট্যান্ডি।
ব্যবসাক্ষেত্রে বিভিন্ন টেকসই চর্চা এবং তার অনুশীলন বিষয়ক মতামত প্রকাশ করেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান, এবিসি গ্রুপের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী, পিএইচপি গ্রুপের পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ।
আয়োজনের এক পর্যায়ে ‘ট্রান্সিশনিং টু সাস্টেইনেবল বিজনেস প্র্যাক্টিসেস’ শীর্ষক একটি আলোচনা সভায় অংশ নেন এইচএসবিসির এশিয়া–প্যাসিফিক কমার্শিয়াল ব্যাংকিংয়ের রিজিওনাল হেড অফ ইন্টারন্যাশনাল মার্কেট্স স্টুয়ার্ট রজার্স, ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. জাভেদ আখতার, বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমের আলি হোসেন, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখার নির্বাহী পরিচালক এ.বি.এম. জহুরুল হুদা এবং চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিল্লোল বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এইচএসবিসি বাংলাদেশের হোলসেল ব্যাংকিং বিভাগ প্রধান জেরার্ড হাউয়ি। প্রেস বিজ্ঞপ্তি।











