আকাশে দাপুটে মেঘ

রেজাউল করিম | বৃহস্পতিবার , ৫ জুন, ২০২৫ at ৬:১০ পূর্বাহ্ণ

জৈষ্ঠের কাঠফাটা রোদের ঝিলিক

হঠাৎ কোথায় যেন হারিয়ে গেল!

ওদিকে আকাশে দাপুটে মেঘ ভীষণ বেপরোয়া

ছুটছে দিগি্‌বদিক একটানা বৃষ্টিতে

 

মাঠ–ঘাট– গ্রাম–শহর–বন্দর জলে থৈথৈ

বৃক্ষরা বৃষ্টিস্নানে হাসে, উল্লাসে নাচে

হঠাৎ দমকা হাওয়ায় আশপাশ নড়েচড়ে

পুকুর জলে ভরপুর, নদীতে প্রাণ আসে

মাছেরা বৃষ্টিজলে ঝাঁকে ঝাঁকে ঘুরঘুর করে

পাখিরা নিরাপদে সন্তর্পণে অলস অবসরে

একটানা বৃষ্টির দাপটে

নিস্তব্ধ হয়ে আসে গ্রাম–শহর–বন্দর

 

সমুদ্র উত্তাল, উপকূলে উদ্বেগ– উৎকণ্ঠা বাড়ে

ধপ ধপ ধপাস ধপাস শব্দে তীর ভাঙে

স্মৃতির ভিটা বাড়ি চোখের পলকে

হারিয়ে যায় চিরতরে

উপকূল হতভম্ব অসহায় মানুষের চোখের জলে

 

ওদিকে বৃষ্টির তোড়ে ধস নামে পাহাড়ে

মাটির চাপায় মরে মানুষ, শোকের মাতমে

সৌম্য শান্ত পাহাড়ে আকাশ বাতাস ভারী হয়ে যায়

বুক ধড়ফড় ধড়ফড় করে, বিদ্যুৎ চমকায়

এভাবে বর্ষা আসে, বর্ষা যায় এই বাংলায়।

পূর্ববর্তী নিবন্ধআবার দেখা হবে
পরবর্তী নিবন্ধশ্রাবণ তুমি বৃষ্টি ভালোবাসো?