নগরের আকবরশাহ এলাকায় আফসার সওদাগর (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। ভোটকেন্দ্রে যাওয়ার সময় তাকে ছুরিকাঘাত করা হয় বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে আহতের এক প্রতিবেশীর দাবি, পাওনা টাকা আদায়ের দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটে। আহত আফসার উত্তর কাট্টলীর নূরল আলমের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক আহত আফসারকে হাসপাতালে আনয়নকারীর বরাতে আজাদীকে বলেন, হাজী দাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যাওয়ার সময় কিছু লোক আফসারকে ছুরিকাঘাত করে আহত করে। এরপর তাকে চমেক হাসপাতাল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ২ নম্বর ওয়ার্ডে প্রেরণ করেন।
আফসারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা রবিউল হোসেন আজাদীকে বলেন, মোস্তফা হাকিম কলেজের পেছনে বশির মোহাম্মদের বাড়িতে ঘটনাটি ঘটে। এটার সাথে ভোটের কোনো সম্পর্ক নেই। আসলে আফসার পার্শ্ববর্তী একজনের কাছে টাকা পাবে। ওটা নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে তাকে ছুরি মেরে দেয়। ইমন ও আরমান নামে দুই ভাই তাকে ছুরি মেরেছে।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ভোটকেন্দ্রের অনেক দূরে এ ঘটনা ঘটেছে। এটা ভোট–সংশ্লিষ্ট কোনো ঘটনা নয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।










