তথ্য ও সমপ্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান বলেছেন, জুলাইয়ের ঘটনাকে অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই। তিনি বলেন, জুলাইকে স্বীকার করতে হবে, এ বিষয়ে ক্ষমা চাইতে হবে এবং সংশ্লিষ্টদের বিচারের বিষয়টিও সামনে আসতে হবে। এরপর আওয়ামী লীগকে রাজনীতিতে জনগণ কতটা সুযোগ দেবে, তা সময়ই বলে দেবে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার প্রসঙ্গে তথ্য ও সমপ্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে শেখ হাসিনার ফিরে আসার মতো রাজনৈতিক প্রেক্ষাপট এখনো বাংলাদেশে তৈরি হয়নি।
গতকাল বৃহস্পতিবার ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে স্থানীয় ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।
তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা পুনরায় বাংলাদেশে প্রবেশের কথা বলছেন, তবে আমার মনে হয়, ২০২৪ সালের সেই ট্রমা ও অত্যাচার থেকে বাংলাদেশ এখনো পুরোপুরি বের হতে পারেনি। সে ক্ষেত্রে আমার মনে হয় না, বিষয়টি এখন বাস্তবসম্মত। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ফিরে আসা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, দলটিকে বাংলাদেশের বর্তমান পরিবেশ–পরিস্থিতি ও জনগণের মনোভাব বিবেচনায় নিয়ে নতুন করে চিন্তাভাবনা করতে হবে।
আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে আন্দালিভ রহমান বলেন, গত ১৭ বছরে দলটির তৈরি করা রাজনৈতিক বয়ান এবং ২০২৪ সালের ঘটনাপ্রবাহ তরুণ প্রজন্ম প্রত্যক্ষ করেছে। ১৫ থেকে ৩৫ বছর বয়সী অনেকেই রাজপথে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ঘটনার সঙ্গে যুক্ত ছিল। ফলে শুধু নতুন বয়ান তৈরি করে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিকভাবে ফিরে আসা কঠিন হবে বলে তিনি মনে করেন। এ সময় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) জেলা শাখা ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।












