আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকল

সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল জাতীয় সংসদে পাস

| বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ at ৭:০৫ পূর্বাহ্ণ

সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ সংশোধন করে কোনো সত্তাকে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার স্পষ্ট বিধান রেখে ‘সন্ত্রাস বিরোধী সংশোধন বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১১ মে ওই সংশোধনী এনে ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছিল। পরদিন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করে গেজেট জারি করা হয়েছিল। ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকার নতুন এই বিলের মাধ্যমে সেই অধ্যাদেশকে আইনে রূপ দিল। এর ফলে বাংলাদেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ওপর নিষেধাজ্ঞা বহাল থাকল। খবর বিডিনিউজের।

গতকাল বুধবার সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করেন। পরে তিনি বিলটি অবিলম্বে বিবেচনা এবং পাসের প্রস্তাব তুললে কণ্ঠভোটে তা গৃহীত হয়। বলা হয়েছে, বর্তমান আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে সুস্পষ্ট বিধান না থাকায় আইনটি সময়োপযোগী করতে ১৮ ও ২০ ধারা সংশোধন প্রয়োজন হয়েছে। সেই যুক্তিতে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ রহিত করে নতুন আইন আনা হচ্ছে।

এই সংশোধনীর মাধ্যমে ২০০৯ সালের আইনের ১৮ ধারায় ‘সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করিতে পারিবে’ শব্দগুলোর পর ‘বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করিতে পারিবে’ শব্দগুলো যুক্ত হয়েছে। আর ২০ ধারার সংশোধনে বলা হয়েছে, ধারা ১৮ অনুযায়ী কোনো ব্যক্তি বা সত্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে সরকার তাদের অর্থ, সম্পদ বা লেনদেন নিয়ন্ত্রণের পাশাপাশি প্রচারপ্রচারণাও বন্ধ করতে পারবে।

বিলের ভাষ্য অনুযায়ী, ওই সত্তা কর্তৃক বা তার পক্ষে বা সমর্থনে যে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, অথবা মিছিল, সভাসমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করা যাবে।

বিল উত্থাপনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর অধিকতর সংশোধনকল্পে আনিত একটি বিল সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬ এই মহান সংসদে উত্থাপন করছি। পরে অবিলম্বে বিবেচনার প্রস্তাব তুলে তিনি বলেন, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬ মহান সংসদ উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক।

স্পিকার কণ্ঠভোটে প্রস্তাব গৃহীত হয়েছে বলে ঘোষণা দেন। বিলটির ওপর দফাওয়ারি কোনো সংশোধনী ছিল না। এরপর দফা ২, ৩ ও ৪, পরে ১ নম্বর দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন ও শিরোনাম কণ্ঠভোটে গৃহীত হয়। বিল পাসের আগে বিরোধীদলীয় নেতা কথা বলার সুযোগ নিয়ে বলেন, বিলটির তুলনামূলক বিবরণী তারা মাত্র তিন থেকে চার মিনিট আগে হাতে পেয়েছেন। আইনটি স্পর্শকাতর হওয়ায় তিনি এটি পাসের আগে কিছুটা সময় দিয়ে বিরোধী দলকে বিষয়টি দেখার সুযোগ দেওয়ার অনুরোধ জানান। জবাবে স্পিকার বলেন, আপত্তি জানানোর জন্য নির্দিষ্ট সময় ছিল, সেই পর্যায়ে আপত্তি এলে তা বিবেচনা করা যেত। এখন বিলের এই স্টেজে আর আপত্তি করার সুযোগ নাই। এরপর বিলটির পক্ষে বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিলটা হল একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট। তিনি বলেন, আগের আইনে সংশোধনের পেছনে একটি আন্দোলনের প্রেক্ষাপট ছিল এবং সেই প্রেক্ষিতে এটা মোটামুটি বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল।

স্পিকারও এ সময় বলেন, সন্ত্রাস বিরোধী আইন সংশোধনের মাধ্যমে সংশ্লিষ্ট সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং সে অনুযায়ী তাদের নিবন্ধনও স্থগিত রয়েছে। পরে সংবিধানের ৪৭ অনুচ্ছেদের আলোকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসংক্রান্ত আইনেও পরিবর্তন আনা হয়েছে।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বিলটি পাসের প্রস্তাব তুললে কণ্ঠভোটে তা গৃহীত হয়। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসী কার্য প্রতিরোধ ও শাস্তির বিধান রাখতে ২০০৯ সালের আইনটি করা হলেও কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার যুক্তিসঙ্গত কারণ পেলে সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তালিকাভুক্ত করতে পারত, কিন্তু তাদের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি স্পষ্ট ছিল না।

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশটি মূলত সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার পাশাপাশি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করেছিল। বুধবার জাতীয় সংসদে পাস হওয়া বিলের মাধ্যমে সেই অধ্যাদেশই আইনের রূপ পেল। পাস হওয়া বিলে অধ্যাদেশের বিষয়বস্তুর কোনো পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সময়ে যেভাবে কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যোগ করা হয়েছিল, সংসদে পাস হওয়া আইনেও তা বহাল রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইরানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করব : ট্রাম্প
পরবর্তী নিবন্ধদুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা