আইসিসিকে অবগত করেই বিসিবি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত : ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৬ এপ্রিল, ২০২৬ at ৭:১০ পূর্বাহ্ণ

তদন্ত কমিটির কাজ শেষ। এবার জাতীয় ক্রীড়া পরিষদের কাজ শুরু। প্রতিবেদন খতিয়ে দেখে তারা ব্যবস্থা নেবেন। সেই প্রক্রিয়ার অংশ থাকবে আইসিসিও। বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থাকে জানিয়ে বিসিবি নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমিনুল হকের অনুমোদনেই গত মাসে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবির গত নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয় এই কমিটিকে। সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে সেই কমিটি তাদের প্রতিবেদন জমা দেন রোববার। সেই প্রতিবেদনের ওপরই নির্ভর করছে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের ভাগ্য। এ দিনই বিকেএসপি পরিদর্শনে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুল জানান, প্রতিবেদনটি আইসিসিতে পাঠিয়েই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ‘সকালবেলা তদন্ত কমিটি এসে তদন্ত প্রতিবেদন দিয়ে গেছে। দেওয়ার পরে আমরা তাৎক্ষণিকভাবে এখানে আন্তঃমন্ত্রণালয়ের একটি সভা ডেকেছিলাম এবং সেই সভায় আমরা আলাপআলোচনা করেছি। আমাদের যে আইসিসি রয়েছে, আইসিসিকে তদন্ত রিপোর্টটি অবগত করার পরেই আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।’

পূর্ববর্তী নিবন্ধযে কারণে তদন্ত কমিটির মুখোমুখি হননি আসিফ মাহমুদ
পরবর্তী নিবন্ধএনএসসিতে জমা পড়েছে বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদন