নগরীর কোর্ট হিলের অদূরে মেথরপট্টিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে খুনের মামলায় সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। মামলার বাদী ও আলিফের বাবা জামাল উদ্দিন প্রথম সাক্ষী হিসেবে গতকাল সোমবার চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হকের আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিয়েছেন। এসময় আসামি পক্ষের আইনজীবী তাকে আংশিক জেরা করেন। আগামী ১৮ ফেব্রুয়ারি বাদবাকী জেরা কার্যক্রম অনুষ্ঠিত হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস ইউ এম নুরুল ইসলাম দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আলিফ হত্যা মামলার প্রথম সাক্ষী হিসেবে তার বাবা ও মামলার বাদী সাক্ষ্য দিয়েছেন। এরপর অজয় দাশ নামের একজন আসামির আইনজীবী তাকে জেরা করেছেন। বাকী আসামিদের মধ্যে চিন্ময় দাশসহ কয়েকজন তাকে জেরা করার জন্য সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন। সে অনুযায়ী আগামী ১৮ ফেব্রুয়ারি বাদবাকী জেরা কার্যক্রম অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, সাক্ষ্যগ্রহণ কার্যক্রমের সময় কারাগারে থাকা আসামিদের মধ্যে ২২ জন কাঠগড়ায় হাজির ছিলেন। চিন্ময় দাশের উপস্থিতি ছিল ভার্চুয়াল। বাদীর আইনজীবী মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, বাদীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার প্রক্রিয়া গতি পেয়েছে। তবে আসামিপক্ষ সময়ের আবেদন করে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করার চেষ্টা করছে, যা দুঃখজনক। আমরা দ্রুততম সময়ে ন্যায়বিচার প্রত্যাশা করছি। সারা দেশের মানুষ নৃশংস এ হত্যাকাণ্ডের বিচার দ্রুত সময়ের মধ্যে দেখতে চায়। দেশজুড়ে আলোচিত আইনজীবী আলিফ খুনের মামলায় গত ১৯ জানুয়ারি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাশসহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয় চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক।












