উদ্ভাবনী চিন্তা ও সামাজিক উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আইআইইউসিতে অনুষ্ঠিত হলো ‘হাল্ট প্রাইজ অ্যাট ক্যাম্পাস’ রাউন্ডের চূড়ান্ত পর্ব। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা একটি উন্নত ও টেকসই বিশ্বের জন্য তাদের সৃজনশীল ব্যবসায়িক ধারণা উপস্থাপন করেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো সামাজিক সমস্যা সমাধানে কার্যকর ও বাস্তবসম্মত উদ্যোগ তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করে বলেন, বর্তমান বিশ্বে বেকারত্ব, দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তিগত বৈষম্যের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সৃজনশীল চিন্তা ও উদ্যোক্তা মনোভাব গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় পর্যায় থেকেই যদি শিক্ষার্থীরা উদ্ভাবনী প্রকল্পে সম্পৃক্ত হয়, তাহলে দেশ ও জাতির উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
হাল্ট প্রাইজ অ্যাট আইআইইউসির উপদেষ্টামণ্ডলীর সদস্যরা প্রতিযোগিতার সার্বিক আয়োজন ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন। উপদেষ্টামণ্ডলীতে ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের মোহাম্মদ শাইফুর রহমান চৌধুরী, অর্থনীতি ও ব্যাংকিং বিভাগের মো. আমজাদ হোসেন, আইন বিভাগের তাসলিমা খানম, ইটিই বিভাগের মো. মোস্তফা আমির ফয়সাল, ইইই বিভাগের ইঞ্জিনিয়ার মো. ইফতেখার আলম এবং সিএসই বিভাগের এবিএম ইয়াসির আরাফাত প্রমুখ।
আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মনোভাব, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতা জোরদার হবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানের সমন্বয়ের দায়িত্ব পালন করেন আনিসুল ইসলাম অপি, তাসকির বিন আলম, সাদমান সাঈদ মাহিন ও মো. মঈনুদ্দীন হুদা। উল্লেখ্য, হাল্ট প্রাইজ ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা, যা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে। এটি সামাজিক উদ্যোক্তা তৈরিতে একটি বৈশ্বিক সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। প্রেস বিজ্ঞপ্তি।









