আইআইইউসির ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে যেমন আন্তর্জাতিক শব্দটি যুক্ত, তেমনি এর রয়েছে আন্তর্জাতিক মান ও মর্যাদা। এখানে কেবল জ্ঞান অর্জন নয়, জ্ঞান সৃষ্টি ও গবেষণার ওপরও সমান গুরুত্ব দেওয়া হয়। আইআইইউসি শুধু গ্র্যাজুয়েট তৈরি করতে চায় না; বরং নৈতিকতা, তাকওয়া ও দায়িত্ববোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলাই এই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য। তিনি গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে ৬২তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কর্নেল মো. কাসেম (অব.), ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, আইআইইউসি’র বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. আবুল হাশেম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ ও প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী।
প্রধান অতিথি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন কেবল বই–পুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিনিয়ত নতুন জ্ঞান সংযোজনের মাধ্যমে গবেষণায় মনোনিবেশ করতে হবে। বর্তমান জ্ঞানের সঙ্গে নতুন কিছু যোগ করাই প্রকৃত গবেষণা। অর্জিত জ্ঞানের সঠিক ও নৈতিক ব্যবহার নিশ্চিত করাও জরুরি। অনুষ্ঠানে নবাগত ছাত্র–ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক মুহাম্মদ মামুনুর রশিদ ও বিভাগের অতিরিক্ত পরিচালক চৌধুরী গোলাম মাওলা। সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে দর্পণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ। উপস্থিত ছিলেন শরীয়াহ ও ইসলামিক স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ রশিদ জাহেদ, আইন অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ মাইনুল আহসান খান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আক্তারুজ্জামান খান, আর্টস ও মানবিক অনুষদের ডীন মোহাম্মদ ইয়াসিন শরীফ, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. সিরাজুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।












