অ্যাভাঁগার্ডের নাট্যোৎসবে শেষ দিনে নাটক চে মঞ্চস্থ

| মঙ্গলবার , ৭ এপ্রিল, ২০২৬ at ১২:১০ অপরাহ্ণ

জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম মিলনায়তনে ‘অবিরাম অহর্নিশ, পথচলার ছাব্বিশ’ শ্লোগান সম্বলিত অ্যাভাঁগার্ড’র ২৬ বছর পূর্তিতে ‘সুমন টিংকুর সৃজন মুকুর’ শীর্ষক পাঁচদিনের নাট্যোৎসবে সমাপনী দিনে গতকাল সোমবার সন্ধ্যে ৭ টায় সন্ধ্যায় মিলনায়তনে ‘অ্যাঁভাগার্ড’ পরিবেশন করে নাটক ‘চে’। নাটকটির পাণ্ডুলিপি, পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন সুমন টিংকু। আর্নেস্তো চে গুয়েভারা একজন বিপ্লবী, একটি বিপ্লব, একটি চেতনার নাম, নাম একটি আন্দোলনের। চে সংগ্রামের অগ্নি মশাল। মানবতার অবনমন, মানবাধিকারের অবজ্ঞা, সাম্রাজ্যবাদের দৌরাত্ম্য, এককেন্দ্রিক মোড়লীপনার রক্তচক্ষু, ভোগবাদের আগ্রাসন, বিভেদবৈষম্যের অলঙ্ঘনীয় দেয়াল, লুটেরাদের রাজত্ব আর পুঁজিবাদীদের নৈরাজ্যের দেশীয় ও বৈশ্বিক প্রেক্ষাপটে ‘চে’ যে কতটা প্রাসঙ্গিক তা বহুল প্রশংসিত এ নাটকের মাধ্যমে অত্যন্ত সফল ও সার্থকভাবে উপস্থাপিত হয়েছে। উঠে এসেছে চে’র ব্যক্তিজীবন, সংসারজীবন প্রেমভালোবাসাবিরহও।

নাটকে দেখা যায় চে’র নিরলস নিরন্তর সংগ্রাম, আত্নত্যাগ আর আত্মবলিদানের হিরন্ময় মুহূর্ত। নাটকটিতে অভিনয়ে অংশ নেন সুমন টিংকু, রহিমা খাতুন লুনা, মো. পারভেজ, রেহেনা কবির, নাহিদ আফরোজ, হেমা বড়ুয়া, সাফাত জামিল, জানে আলম, মো. আতিকুর রহমান, নুহাশ আলম, ফরহাদ আহমেদ, তাসনিমুল হাসান, মাহমুদুল ইসলাম অনির, গাফির ইবতিহাজ আইমান, জাওয়াদ জারীফ, অধীতি বড়ুয়া, আঙ্গিনা কবির, আরিয়া কবির, স্বপ্নময় মোহর ও মো. নীরব। উৎসবে সুমন টিংকুকে মঞ্চজ্যোতি অভিধায় অভিষিক্ত করা হয়। অ্যাঁভাগার্ড দলপ্রধান নাট্যজন শামসুল কবীর লিটন সকলকে ধন্যবাদ জানান। শেষে অ্যাঁভাগার্ড সদস্যরা নাট্যোসবের জন্য নেচেগেয়ে আনন্দে মেতে ওঠে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদ্বৈত কণ্ঠে নচিকেতার সঙ্গে পিজিতের ‘মধ্যবিত্ত’
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩১.৩৬ কোটি টাকা