তোমার আমার দেখা হবে
কোনো এক বিশেষ দিনে,
বিশেষ মুহূর্ত্তে
সময়ের বুক চিরে ওঠা
অচেনা এক স্পন্দনে।
হয়তো বসন্তের তীক্ষ্ণ রোদে
কোনো এক পাতা ঝরা দিনে,
শুষ্ক প্রকৃতির নির্জনতায়
দু’টি ছায়া দাঁড়াবে মুখোমুখি
কথা হবে না, তবু অনেক কথা
ঝরে পড়বে নীরবতার কোণে।
হয়তো ভাট ফুলের মাদকতায়
স্নিগ্ধ এক বিকেলে,
কুয়াশার আস্তর ভেদ করে
কালো চাদরে জড়িয়ে
অভিমানগুলো গোপন থাকবে,
শুধু চোখ বলবে গোপন ইতিহাস।
দেখা হবে আমাদের
অনেক অতৃপ্তি, অনেক হাহাকার
বুকের ভেতর গোপন আগুন হয়ে;
ছলছল চোখে
মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে
আমরা অভিনয় করবো স্বাভাবিক থাকার।
হয়তো হাত ছুঁয়ে যাবে ভুলে,
আঙুল কেঁপে উঠবে অপ্রস্তুত স্পর্শে
তবু বলবো, “কেমন আছো?”
যেন কিছুই হয়নি কখনো,
যেন সময় আমাদের ভাঙেনি
ভেতর থেকে এতখানি।
তারপর আবার
দু’জন দু’পথে হাঁটবো
কেউ পেছনে তাকাবে না,
তবু মন ফিরে ফিরে চাইবে।
সেদিন আকাশ বুঝবে,
দেখা হওয়াটা ছিল
শেষবারের মতো
অসমাপ্ত ভালোবাসার সাথে।










