অর্থোডক্স ইস্টার উৎসব উপলক্ষে ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিয়েভের পক্ষ থেকে একই ধরনের একটি প্রস্তাব আসার পর গত বৃহস্পতিবার ক্রেমলিন এই ঘোষণা দেয়। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। খবর বাসসের।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলতি সপ্তাহের শুরুতে জানান, উৎসবের ছুটি চলাকালে যাতে যুদ্ধবিরতি পালন করা হয় সেজন্য তিনি যুক্তরাষ্ট্রের মাধ্যমে রাশিয়ার কাছে একটি প্রস্তাব পাঠিয়েছেন। বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও দীর্ঘ প্রায় চার বছর ধরে চলা এই সংঘাত বন্ধের প্রচেষ্টায় এখনো কোনো অগ্রগতি হয়নি। ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, চলতি মাসের ১১ এপ্রিল স্থানীয় সময় বিকেল ৪টা থেকে ১২ এপ্রিল পর্যন্ত অর্থোডক্স ইস্টার উপলক্ষে এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এই সময়ে রাশিয়ার জেনারেল স্টাফকে সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে বলা হয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন হলে তার জবাব দিতে তারা প্রস্তুত থাকবে। বিবৃতিতে আরও বলা হয়, আমরা আশা করি ইউক্রেন পক্ষও রাশিয়ার এই উদ্যোগ অনুসরণ করবে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একাধিক দফা আলোচনার পরও এখন পর্যন্ত যুদ্ধ বন্ধে কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। আন্তর্জাতিক মনোযোগ মধ্যপ্রাচ্যের দিকে সরে যাওয়ায়, বিশেষ করে ইরানকে ঘিরে উত্তেজনার কারণে আলোচনাগুলো আরও জটিল হয়ে উঠেছে। চলমান রাশিয়া–ইউক্রেন যুদ্ধ নিয়ে মস্কো এখনো কিছু আঞ্চলিক ও রাজনৈতিক শর্তে সমঝোতা চায়, যা কিয়েভ ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছে। এই যুদ্ধের ফলে লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটেছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে।













