একুশ মানে রক্তে রাঙা
ফাগুন দিনের গান,
একুশ মানে মায়ের জন্য
সঁপে দেওয়া প্রাণ।
একুশ মানে শিমুল পলাশ
লালচে রঙের হাসি,
একুশ মানে বাংলা ভাষা
অনেক ভালোবাসি।
একুশ মানে অ আ ক খ
বর্ণমালার মিছিল,
একুশ মানেই মুক্তি পাওয়া
আকাশ ছোঁয়া চিল।
একুশ মানে শহীদ মিনার
শ্রদ্ধায় মাথা নত,
একুশ মানেই নতুন শপথ
সাহস অবিরত।






