অভ্যন্তরীণ বিমানের টিকিট নির্ধারিত মূল্যেই পাওয়া যাবে : বিমানমন্ত্রী

| সোমবার , ৩১ আগস্ট, ২০২৬ at ৭:৫০ পূর্বাহ্ণ

অভ্যন্তরীণ বিমানের টিকিট কালোবাজারি বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। এরপর থেকে টিকিট কালোবাজারি করা যাবে না এবং নির্ধারিত মূল্যেই টিকিট পাওয়া যাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

গতকাল রোববার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মুজিবুর রহমানের এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। মুজিবুর রহমান প্রশ্ন করে বলেন, আমাদের অভ্যন্তরীণ বাংলাদেশে যে বিমান চলাচল করে, আমার মনে হয় এখানে দেখা যায়, সকালবেলায় দেখা গেলো যে ছয় হাজার টাকা বিমান ভাড়া, বিকেলে গিয়ে দেখা যাচ্ছে ১২ হাজার হয়ে গেছে। একেবারে ডাবল, তার চাইতেও বেশি হয়ে যায়। এটা একটা অস্বাভাবিক। এটা অসহনীয় পর্যায়ের একটা বিমান ভাড়া। আর মন্ত্রী মহোদয়, এটা কি উদ্যোগ নেবেন যে অন্তত সহনীয় পর্যায়ে যাতে এটা থাকে? একেবারে ডবল, দ্বিগুণ, তিনগুণ না হয়ে একটা সহনীয় পর্যায়ে থাকে। খবর বাংলানিউজের।

উত্তরে পর্যটনমন্ত্রী বলেন, কথাটা উনি একটু মনে হয় যাচাই না করে বলেছেন। ১২ হাজার টাকা টু অ্যান্ড ফ্রো এরকমভাবে অনেক সময় হয় আর কি। আমার ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকাএই টু অ্যান্ড ফ্রো টিকিটটার দাম ১২ হাজার টাকা। ১২ হাজার টাকার টিকিট কোনো সময় হয়নি। টিকিটের মূল্য হলো একচুয়ালি ছয় হাজার চারশ। তো ছয় হাজার চারশ টাকার মধ্যে প্রায় ১৫ শতাংশ ট্যাক্স দিতে হয় সরকারি। তারপরে কিছু ট্যাক্স আছে। যেগুলো বিবেচনা করে ছয় হাজার তিনশ টাকা করা হয়েছে। তিনি আরও বলেন, তারপরেও আমরা এর চেয়ে কত কমানো যায়। আর যাতে অন্তিম মুহূর্তে এসে একেবারে ফ্লাইট ছেড়ে দিলে এই সময় টিকিট অনেকেই কালোবাজারি করার চেষ্টা করে। সেগুলো বন্ধের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আমার মনে হয়, এরপর থেকে এই কালোবাজারি আর করতে পারবে না এবং যে মূল্য নির্ধারণ করা হবে, সেই মূল্যেই টিকিট পাবেন। আমরা সবাই সেটা আশা করি। মন্ত্রী বলেন, আর আমার প্রত্যক্ষ তদারকিতে, ইনশাআল্লাহ, আমি কথা দিতে পারি, সংসদ সদস্য প্রশ্ন করেছেন, আপনার কোনো দিনও এই টিকিট বেশি দামে কিনতে হবে না। যা নির্ধারিত হবে, সেই টিকিটই আপনি সেই পয়সায় কাটতে পারবেন এবং ছয় হাজার চারশ টাকার মধ্যেই আপনি পাবেন।

পূর্ববর্তী নিবন্ধসাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব