অবৈধ বালু উত্তোলন বাঁশখালীতে ৪ ট্রাক জব্দ, ৩ চালককে জরিমানা

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

বাঁশখালীতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে পৃথক অভিযানে চারটি ড্রাম্পার ট্রাকসহ তিন চালককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল শনিবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব অভিযান চালানো হয়।

আটক ও দণ্ডপ্রাপ্ত চালকেরা হলেন সাধনপুর ৪ নম্বর ওয়ার্ডের নেজাম উদ্দীন (৪০), খানখানাবাদ ৮ নম্বর ওয়ার্ডের আজম খান (৪০) ও ছনুয়া ৭ নম্বর ওয়ার্ডের মো. আকাশ (৩২)

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার সাধনপুর ইউনিয়নের পশ্চিম বৈলগাঁও এলাকায় ইজারা বহির্ভূত বালু পরিবহনের সময় ১টি ডাম্পের ট্রাকসহ নেজাম উদ্দীনকে আটক করা হয়। পৃথক অভিযানে খানখানাবাদ ইউনিয়নের চাঁপাছড়ি এলাকা থেকে ২টি ড্রাম্পের ট্রাকসহ আজম খানকে এবং পুঁইছুড়ি প্রেম বাজার এলাকায় অবৈধভাবে মাটি পরিবহনের সময় ১টি ড্রাম্পের ট্রাকসহ আকাশকে আটক করা হয়।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানি আকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। বাঁশখালী থানা পুলিশ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধশিকলবাহায় ২ হাজার পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় কৃষিজমির টপসয়েল কাটায় অভিযান, ২ এক্সকেভেটর জব্দ