অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইন পাশের দাবি

অধিকারের সমাবেশ

| বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ at ৭:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে অধিকারের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহানগর জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বিচার ব্যবস্থার ওপর জনগণের আস্থা বজায় রাখতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংসদে আইন হিসেবে পাশ করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, এসব অধ্যাদেশ বাতিল না করে দ্রুত আইনে পরিণত করতে হবে।

মানবাধিকার সংগঠন অধিকারের উদ্যোগে গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি হওয়া অধ্যাদেশগুলোর মেয়াদ আগামী ৩০ এপ্রিল শেষ হতে যাচ্ছে। কিন্তু সংসদ চলমান থাকা সত্ত্বেও এগুলো আইন হিসেবে পাশ না করে বাতিলের প্রক্রিয়া শুরু করা হয়েছে, যা জনস্বার্থবিরোধী।

তিনি বলেন, অবিলম্বে এসব গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রক্রিয়া থেকে সরে এসে সংসদে আইন হিসেবে পাশ করে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।

অধিকার চট্টগ্রামের ফোকাল পার্সন ওচমান জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং এইচআরডি ইমরান সোহেলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আইনজীবী অ্যাড. মোস্তফা নূর, . শিব প্রসাদ শূর, গুমের শিকার সা’দুর রশীদ চৌধুরী, অ্যাড. আ ন ম জোবায়েরসহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্যরাও ।

বক্তারা বলেন, গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রক্রিয়া অব্যাহত থাকলে তা বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করতে পারে এবং মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ন রাখা অপরিহার্য বলেও তারা উল্লেখ করেন।

সমাবেশে মানবাধিকারকর্মী, আইনজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন শেষ করেন এবং দ্রুত দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লেখক আব্দুল্লাহ মজুমদার, মো. নজরুল ইসলাম শুকরিয়া, শিক্ষক মো. জিয়া উদ্দিন, নম জোবাইয়র, রাশেল উদ্দিন, জাকের হোসেন, মুজিবুল্লাহ তুষার, মীর বরকত হোসেন, শাহ জালাল, জানে আলম, কমল, নুরু মিয়া, মো বেলাল, বিজয় কুমার, অ্যাড. রোকেয়া বেগম, মোরশেদ আলম, মাহফুজুর রমান, মো নাসির, তারেক সিদ্দিকী, অভিলাষ মাহমুদ, আসিফ ইকবাল, সালামত উল্লাহ, সমীর পাল, মিজানুর রহমান, রায়হান আবেদিন, সাবেক ছাত্রনেতা নিজাম উদ্দিন প্রমুখ। ভিকটিম পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন বলি মনছুরের ছেলে আব্দুর রহিম, জাহিদ হাসানের ভাই মেহেদী হাসান, নজরুল ইসলাম বাঁচা চেয়ারম্যানের ছেলে আনিসুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে বৈশাখ উদযাপনে প্রশাসনের উদ্যোগ
পরবর্তী নিবন্ধরাইড শেয়ারিং চালকদের অগ্রাধিকার দিন : মুহাম্মদ নজরুল ইসলাম