রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২৭ জুলাই, ২০২৩ at ৮:১৭ অপরাহ্ণ

নির্মাণাধীন ভবনের কাজের জন্য বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল্লাহ রহিম সাজ্জাদ বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মানছিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার প্রবাসী আবদুল কুদ্দুস কাজলের ছেলে।

দীর্ঘদিন ওমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে টাকা জমা করেন সাজ্জাদ। সেই টাকায় বাড়ি নির্মাণ করতে দেশে আসেন তিনি। পরিকল্পনামতো নির্মাণ কাজও শুরু করেছিলেন। নির্মাণাধীন ভবনের কাজের জন্য বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওযার্ডের সদস্য আবছার মুরাদ বাবুল বলেন, “সাজ্জাদ ওমানে একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বাড়ি নির্মাণের জন্য গত ৪ মাস আগে ওমান থেকে দেশে আসেন। আগামী ৮ আগস্ট তার ওমানে চলে যাওয়ার কথা ছিল কিন্তু আর ফেরা হলো না।”

পূর্ববর্তী নিবন্ধযুক্তির মাধ্যমে অন্যের মতামত খণ্ডানোই হচ্ছে বিতর্ক
পরবর্তী নিবন্ধকনটেইনার চাপায় পুলিশ নিহতের ঘটনায় চালক-হেলপার গ্রেফতার