সোমবার কক্সবাজার সৈকতে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান মেলেনি এখনও

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ আগস্ট, ২০২২ at ৯:২৭ অপরাহ্ণ

কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে গতকাল সোমবার(১৫ আগস্ট) নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান এখনও মেলেনি।

গাজীপুর থেকে কক্সবাজার বেড়াতে এসেছিলেন তিন বন্ধু।

গতকাল সোমবার বেলা দুইটার দিকে শহরের কলাতলী সৈকত থেকে স্রোতের টানে হারিয়ে যান তিন বন্ধুর মধ্যে একজন মারুফ(১৮)। তিনি গাজীপুর মেট্রোপলিটন কলেজের দ্বাদশ বর্ষের শিক্ষার্থী।

আজ মঙ্গলবার(১৬ আগস্ট) দিনভর সাগর উপকূলের বিভিন্ন স্থানে তার খোঁজে অনুসন্ধান চালানো হয়।

নিখোঁজ কলেজ শিক্ষার্থী গাজীপুরের কাপাসিয়া ফুলবাড়ি এলাকার রেজাউল করিমের ছেলে। এ ঘটনায় শাওন নামের আরেক কলেজ শিক্ষার্থীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বীচকর্মী মাহবুব আলম জানান, নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে জেলা প্রশাসনের বীচকর্মীরা আজ মঙ্গলবার সকাল থেকেই সোনাদিয়া দ্বীপ ও শহরের নাজিরারটেকসহ আশেপাশে সরেজমিনে খোঁজ নিয়েছে কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যায়নি।

উপকূলের কোথাও মরদেহের সন্ধান পেলে সংশ্লিষ্টদের জানানোর জন্য মৎস্যজীবীসহ স্থানীয় অধিবাসীদের অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের ছয় মাসের মাথায় রাউজানে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধকক্সবাজার শহরের ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা