কক্সবাজারের খুরুশকুলে ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দীন(২৫) খুনের ঘটনায় অবশেষে আজ মঙ্গলবার(৫ জুলাই) রাতে ১৭ জনকে এজাহারনামীয় এবং আরো ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। নিহত ছাত্রলীগ নেতার বড় ভাই নাছিরউদ্দীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। রাত ১১টা ১৫ মিনিটের সময় থানায় মামলাটি রেকর্ড করা হয়।
মামলায় প্রধান অভিযুক্ত করা হয়েছে স্থানীয় আজিজ সিকদারকে। তিনি ঘটনার রাতেই সন্দেহভাজন আসামী হিসাবে র্যাবের হাতে আটক হন। তবে তাকে এখনও পুলিশের হাতে হস্তান্তর করা হয়নি। একইদিন রাতে সদর থানা পুলিশের অভিযানে আটক ৬ জনকে আজ মঙ্গলবার ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়।
কক্সবাজার সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সেলিমউদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, “এই ঘটনায় আটক সন্দেহভাজন ৬ আসামীকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলার বাকি আসামীদের গ্রেফতারের জন্যও অভিযান চালানো হচ্ছে।”
উল্লেখ্য, গত রবিবার (৩ জুলাই) সন্ধ্যে ৭টার দিকে খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় পুলিশের সামনেই কুপিয়ে হত্যা করা হয় ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দীনকে। তিনি খুরুশকুল ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন শেষে বাড়ি ফিরছিলেন। নিহত ফয়সাল উদ্দীন কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও ওই এলাকারই মৃত লাল মোহাম্মদের ছেলে। এই ঘটনার দুই দিন পর থানায় মামলা রেকর্ড হলো।











