মিয়ানমারে সামরিক বাহিনীর পৃথক দুটি বিমান হামলায় একটি স্কুল ও একটি বিয়েবাড়িতে বহু মানুষ নিহত হয়েছেন। স্কুলে হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে, বিয়েবাড়িতে হামলায় ১৭ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন এক প্রত্যক্ষদর্শী। নিহতদের মধ্যে নারী, শিশু ও নবজাতক রয়েছে।
রয়টার্স জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৩টার দিকে মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলের সিনবাংওয়ে টাউনশিপের বিদ্রোহীনিয়ন্ত্রিত একটি গ্রামের স্কুল ও মঠে হামলা চালায় সামরিক বাহিনী। জাতীয় ঐক্য সরকার (এনইউজি) ও মাগওয়ে অঞ্চলের অন্তর্বর্তীকালীন স্থানীয় প্রশাসনের যৌথ বিবৃতিতে বলা হয়, হামলায় চারটি ৫০০ পাউন্ডের বোমা, ১২টি কামানের গোলা ও সাতটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়। খবর বিডিনিউজের।
এনইউজির মুখপাত্র নো পোন লাট ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিমান হামলায় নারী–শিশুসহ ২১ বেসামরিক নাগরিক এবং কামানের গোলায় নয় বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন। হামলার সময় এলাকায় কোনো লড়াই চলছিল না বলে জানান স্থানীয়রা। তবে সামরিক বাহিনীপন্থি টেলিগ্রাম চ্যানেলগুলোর দাবি, বিদ্রোহীদের একটি জমায়েত ও সমাবর্তন অনুষ্ঠান লক্ষ্য করে হামলা চালানো হয়। মিয়ানমারের সামরিক বাহিনী এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এনইউজি হামলাটিকে যুদ্ধাপরাধ ও জেনেভা কনভেনশনের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। ভবিষ্যতে আইনি প্রক্রিয়ায় ব্যবহারের জন্য প্রমাণ সংগ্রহের কথাও জানিয়েছে তারা। হতাহতের সংখ্যা ও হামলার বিবরণ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
এদিকে, শনিবার শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী মো বাই অঞ্চলের একটি গ্রামে বিয়ের আয়োজন চলা বাড়িতে বিমান হামলা হয়। ফ্রান্সভিত্তিক একটি বার্তা সংস্থার দেখা ছবিতে অন্তত ছয়টি মরদেহ দেখা গেছে, যার মধ্যে নারী ও শিশু রয়েছে। তবে ছবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংস্থাটি। এক প্রত্যক্ষদর্শী দাবি করেন, হামলায় ১৭ জন নিহত হয়েছেন। তার ভাষ্য, বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের প্রস্তুতি চলা বাড়িটিতে বোমা আঘাত হানে। সেখানে তিনি ১৭টি মরদেহ ও বহু আহত ব্যক্তিকে দেখেন। হামলার ভিডিওর সত্যতাও যাচাই করা যায়নি।
মো বাই শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও আশপাশের গ্রামগুলোতে বিরোধী বাহিনী সক্রিয়। সেখানে বহু অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষ বসবাস করেন। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। পর্যবেক্ষক সংস্থা অ্যাকলেডের হিসাবে, সংঘাতে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।











