চট্টগ্রাম নগরের বায়েজিদে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে কাগতিয়া দরবার শরীফের অনুসারীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাত নয়টার দিকে নগরের আরেফিন নগর এলাকার মুক্তিযোদ্ধা কলোনিতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার ১৫ কানি জমি কাগতিয়া দরবার শরীফের পক্ষ থেকে নিজেদের বলে দাবি করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, জমিগুলো তাঁদের। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার রাতে সেই বিরোধের জেরে দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এতে তিনজন আহত হন।
খবর পেয়ে বায়েজিদ বোস্তামী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় পুলিশের উপস্থিতি জোরদার করা হয়। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে কাগতিয়া দরবার শরীফের অনুসারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।












