বান্দরবানকে উড়িয়ে চট্টগ্রামের শুভসূচনা

ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৭:৫০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব–১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ে শুভসূচনা করেছে চট্টগ্রাম জেলা দল। গতকাল বুধবার নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের ‘বি’ গ্রুপের খেলায় চট্টগ্রাম ৯ উইকেটে বান্দরবান জেলা দলকে পরাজিত করে। সকালে টসে জিতে বান্দরবান প্রথমে ব্যাট করতে নামে। কিন্তু নেমেই তারা চট্টগ্রামের দুই বোলার ইয়ামিন আল উসায়েদ ও মো. আজমাইনের বোলিং তোপে পড়ে। তাদের বোলিং আক্রমণে শুরু থেকেই ধুঁকতে থাকে বান্দরবান। ইয়ামিনের প্রথম ওভারের প্রথম দুই বলেই দলের দুই ব্যাটসম্যান ফিরে যান। এরপরেও ইয়ামিনের তান্ডব চলতে থাকে। পরে তার সাথে যোগ দেন মো. আজমাইন। বান্দরবানের কোন ব্যাটসম্যানই দুই অংকের ঘরে যেতে পারেনি। দলের সর্বোচ্চ ১৩ রান আসে অতিরিক্ত থেকে। ২২.৪ ওভার খেলে মাত্র ৩৫ রানে গুটিয়ে যায় বান্দরবান জেলা দল। চট্টগ্রাম জেলা দলের ইয়ামিন আল উসায়েদ ৭.৪ ওভার বল করে ৫ মেডেনে মাত্র ৫ রান দিয়ে ৬টি উইকেট দখল করে নেন। অন্যদিকে মো. আসমাইন ৫ ওভার বল করে ১ মেডেনে ১২ রান দিয়ে ৪টি উইকেট লাভ করেন। জবাবে মাত্র ৩.৩ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম জেলা দল। তারা করে ৪০ রান। দলের ওপেনার নামির ইকবাল ১০ বলে ৮ রান করে বোল্ড হয়ে গেলেও অপর ওপেনার নীলাচল বড়ুয়া ৮ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। ২টি চার এবং ২টি ছক্কা ছিল তার ইনিংসে। অপর ব্যাটসম্যান ওয়াহিদ মুরাদ ২ রান করে অপরাজিত থাকেন। বান্দরবানের তাজবিদ হোসেন ১৮ রানে ১টি উইকেট পান। এর আগে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব–১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬–২৭ (কর্ণফুলী জোন)-এর উদ্বোধন করেন প্রধান অতিথি নোয়াখালীর জেলা প্রশাসক ও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম। আগামীকাল ২৭ নভেম্বর চট্টগ্রাম তাদের পরবর্তী খেলায় লক্ষ্মীপুরের মোকাবেলা করবে।

পূর্ববর্তী নিবন্ধসেমিফাইনালে সন্দ্বীপ একাডেমি, ইসহাক কাদের চৌধুরী একাদশ