সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতারণা

মোহাম্মদ ওয়াহিদ মিরাজ | রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৮:৪৩ পূর্বাহ্ণ

ইদানীং ফেসবুকে ঢু মারলেই বিভিন্ন কোম্পানী কর্তৃক মোবাইলে বসে বসে এড দেখলেও প্রচুর অর্থ আয়ের লোভনীয় অফারের পোস্ট দেখা যাচ্ছে। জনপ্রিয় নায়ক সাংবাদিক জে. কে শান্ত কর্তৃক প্রচারিত টিকটক ৫৯.কম এর এমন একটি পোস্ট দেখে আমার কিছুটা বিশ্বাস জন্মায়, ফলে অবসর সময় নষ্ট না করে টাকা আয় করার উদ্দেশ্যে রেজিস্ট্রেশন করে তাদের প্রস্তাব পর্যবেক্ষণে দেখি ৬০ দিনে ৫ শত টাকা ইনভেস্ট করে ১৮ হাজার এবং এভাবে গুণিতক হারে ৩০ হাজার টাকা ইনভেস্ট করে ১২ লক্ষ টাকা আয় করার সুযোগ রয়েছে, তবে কাজ হলো বসে বসে তাদের নির্ধারিত বিভিন্ন কোম্পানীর এড দেখা। বিষয়টি সন্দেহজনক হওয়ায় পরীক্ষামূলক ভাবে ৫০০/- টাকা বিকাশের মাধ্যমে আমি তাদের দেওয়া নম্বরে প্রেরণ করি। অতঃপর তাদের কথা মতো আমার আয় করার টাস্ক একাউন্টে উল্লেখিত অর্থ জমা না হওয়ায় এড দেখা যাচ্ছিল না ফলে যে নম্বরে টাকা পাঠিয়েছি অর্থাৎ ০১৮৪২৮৪৬০৯৫ নম্বরে রিং করে শুনি ‘আপনি ভুল নম্বরে ডায়াল করেছেন।’ এ কথা শুনে অজান্তেই আমার মন বলে ওঠে ‘আরে ভুল নম্বরে নয়, প্রতারকের খপ্পরে পড়েছি।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ধরনের আরো অনেক ধরনের প্রতারক চক্র বিরাজমান থাকলেও এদের শক্ত হাতে দমনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন জোরালো ভূমিকা পরিলক্ষিত না হওয়ায় অনেকেই ফেসবুকের বিরুদ্ধে নেতিবাচক কথা বার্তা বলতে কার্পণ্য করছেন না।

বন্ধু মহলে এ বিষয়ে আলাপকালে বুঝতে পারি যে, তাদের মধ্যেও অনেকেই আয়ের লোভে বশবতী হয়ে এমন প্রতারণার শিকার হলেও চক্ষুলজ্জায় সে তথ্য প্রকাশ করা হতে বিরত রয়েছে। এতে আমার কাছে পুনরায় প্রমাণিত হয়েছে যে, ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে প্রতারকের সংখ্যা সত্যিই জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। এদের কঠোর হস্তে দমনের মাধ্যমে ফেসবুকের জনপ্রিয়তা ধরে রাখা আমরা যারা এটি ব্যবহার করি তাদের সকলেরই দায়িত্ব মর্মে প্রতীয়মান হয়।

পূর্ববর্তী নিবন্ধশীতার্তদের পাশে দাঁড়ান, অতিথি পাখিদের রক্ষায় এগিয়ে আসুন
পরবর্তী নিবন্ধহাটহাজারী-নাজিরহাট সড়কে ডিভাইডার নির্মাণ অত্যাবশ্যক