চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে ঘেরা পাহাড়, সবুজ বন আর শিক্ষার এক অনন্য চারণভূমির নাম। ১৯৬৬ সালের ১৮ নভেম্বর যাত্রা শুরু করা দেশের অন্যতম প্রাচীন এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ছয় দশকের পথচলা পূর্ণ করেছে। ৬০ বছর পূর্তি উপলক্ষে উদযাপিত হচ্ছে হীরকজয়ন্তী উৎসব। এ আয়োজনকে কেন্দ্র করে মহাসমারোহে বর্ণিল সাজে সেজেছে পুরো ক্যাম্পাস। আলোকসজ্জা, পরিচ্ছন্নতা ও নানা প্রস্তুতিতে বিশ্ববিদ্যালয়জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রায় পাঁচ হাজার নিবন্ধিত এলামনাই, বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এটি হয়ে উঠতে যাচ্ছে বিশাল এক মিলনমেলা। তবে হীরকজয়ন্তী কেবল আনন্দ–উৎসব কিংবা অতীত স্মৃতিচারণের উপলক্ষ নয়; বরং ছয় দশকের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ সম্ভাবনা পর্যালোচনারও একটি গুরুত্বপূর্ণ সময়।
ছয় দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের শিক্ষা, গবেষণা, সংস্কৃতি, রাজনীতি, সাংবাদিকতা ও সামাজিক অঙ্গনে অসংখ্য মেধাবী মানুষ তৈরি করেছে। এখানকার এলামনাইরা দেশ–বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। উচ্চশিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়টির রয়েছে দীর্ঘদিনের অবদান। বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য, বিস্তৃত ক্যাম্পাস, আবাসিক পরিবেশ এবং বহুমাত্রিক অনুষদ ও বিভাগ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি স্বতন্ত্র পরিচিতি রয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উচ্চশিক্ষার ধরন ও প্রতিযোগিতার ক্ষেত্র বদলেছে। আন্তর্জাতিক মান, গবেষণার উৎকর্ষ, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং কর্মবাজারের চাহিদা এখন একটি বিশ্ববিদ্যালয়ের মান নির্ধারণের গুরুত্বপূর্ণ সূচক। সে বিবেচনায় অতীতের গৌরবের পাশাপাশি নিজেদের অবস্থান নতুন করে মূল্যায়ন করা জরুরি।
দীর্ঘ পথচলায় নানা সীমাবদ্ধতাও ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। সেশনজট, আবাসন সংকট, পরিবহন সমস্যা, গবেষণায় পর্যাপ্ত বরাদ্দের অভাব, প্রশাসনিক দীর্ঘসূত্রতা এবং শিক্ষা কার্যক্রমে আধুনিক পদ্ধতির সীমিত প্রয়োগ শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য বিভিন্ন সময়ে চ্যালেঞ্জ তৈরি করেছে। অনেক ক্ষেত্রে সম্ভাবনা থাকা সত্ত্বেও গবেষণার ফলাফলকে বাস্তব জীবনে প্রয়োগ করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও অবস্থান আরও শক্তিশালী করার ক্ষেত্রেও রয়েছে অনেক কাজের সুযোগ। ফলে ষাট বছর পূর্তির এই সময়ে প্রশ্ন হওয়া স্বাভাবিক আগামী দিনগুলোতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আমরা কোথায় দেখতে চাই?
পরিবর্তনের পথে বর্তমান প্রশাসন; শিক্ষা ও গবেষণায় নতুন ভাবনা: বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্–ফোরকানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসনিক ব্যবস্থাপনা ও অবকাঠামোগত উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রচেষ্টা।
আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম বাস্তবায়নের উদ্যোগ শিক্ষার গুণগত পরিবর্তনের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। এই পদ্ধতিতে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, একজন শিক্ষার্থী পড়াশোনা শেষে কী ধরনের জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা অর্জন করবে, সেটিকে গুরুত্ব দেওয়া হয়। গবেষণার ক্ষেত্রেও বর্তমান প্রশাসনের উদ্যোগগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। গবেষণা সেলকে ঢেলে সাজানো, গবেষণা অনুদানের পরিমাণ বৃদ্ধি এবং থিসিস, এমফিল ও পিএইচডি গবেষকদের জন্য প্রণোদনা প্রদানের ঘোষণা গবেষণাবান্ধব পরিবেশ তৈরির ইঙ্গিত দেয়। পাশাপাশি ট্রান্সলেশনাল রিসার্চ বা গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তব জীবনের সমস্যা সমাধান ও নতুন উদ্ভাবনে কাজে লাগানোর বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং সেল এবং অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স গঠনও সময়োপযোগী পদক্ষেপ। অন্যদিকে ইন্ডাস্ট্রি–একাডেমিয়া কোলাবোরেশন কমিটি গঠন এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর শিক্ষার সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের দূরত্ব কমাতে সহায়ক হতে পারে। কারণ বিশ্ববিদ্যালয়ের জ্ঞান ও গবেষণা যদি শিল্পপ্রতিষ্ঠান এবং সমাজের প্রয়োজনের সঙ্গে যুক্ত না হয়, তাহলে তার পূর্ণ সুফল পাওয়া কঠিন।
হীরকজয়ন্তী হোক আগামীর সম্ভাবনার অঙ্গীকার: একজন প্রাক্তন শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পেশাগতভাবে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে আমার প্রত্যাশা, হীরকজয়ন্তী কেবল অতীতের গৌরব উদযাপনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই উৎসবকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়নের একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি হবে। এলামনাইদের অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও সহযোগিতাকে কাজে লাগিয়ে গবেষণা, কর্মসংস্থান, বৃত্তি এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে স্থায়ী উদ্যোগ নেওয়া যেতে পারে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, আধুনিক আবাসন ব্যবস্থা এবং নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।
ষাট বছরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন একটি নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে। অতীতের অর্জন আমাদের গর্বিত করে, বর্তমানের উদ্যোগ আশাবাদী করে এবং ভবিষ্যতের সম্ভাবনা নতুন স্বপ্ন দেখায়। এই স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন পরিকল্পনার ধারাবাহিকতা, স্বচ্ছতা, জবাবদিহি এবং সম্মিলিত প্রচেষ্টা। উৎসবের আলোকসজ্জা একসময় নিভে যাবে, অতিথিরা ফিরে যাবেন নিজ নিজ গন্তব্যে; কিন্তু হীরকজয়ন্তী উপলক্ষে নেওয়া উন্নয়নের অঙ্গীকার যেন থেমে না যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুধু দেশের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় হিসেবে নয়, বরং শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও মানবসম্পদ উন্নয়নে আন্তর্জাতিকভাবে পরিচিত একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হোক হীরকজয়ন্তীতে এটাই হোক আমাদের সম্মিলিত প্রত্যাশা।
লেখক: সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)












