দূরের টানে বাহির পানে

হাসান আকবর | বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

(পূর্ব প্রকাশিতের পর)

বেশ ভালোয় ভালোয় আমরা বাসায় পৌঁছে গেলাম। বন্ধুর বাসা, আমার বন্ধু নেই। তবুও ভাবী এবং বাচ্চারা আমার যত্ন–আত্তির কমতি রাখেননি। আজই হংকংয়ে আমার শেষ দিন। কাল দুপুরে ফ্লাইট। সকালে নাস্তা করেই বাসা থেকে বের হয়ে যাবো। স্বপন আমাকে এয়ারপোর্টে পৌঁছে দেবে।

অফিস থেকে ফিরে ভাবী আমাদের দুপুরের খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। যদি ইতোমধ্যে সব রান্নাবান্না ‘বিদেশী বুয়া’ করে ফেলেছেন, টেবিলও সাজিয়ে দিয়েছেন। তবুও বাঙালি বধূ হিসেবে ভাবী টেবিল সাজাতে ব্যস্ত হয়ে গেলেন।

আমরা সবাই মিলে আনন্দময় পরিবেশ এবং আবহে খাওয়া দাওয়া শেষ করলাম। ভাবী আগেই শেষ করেছিলেন। আমি ফ্রেশ হয়ে সোফায় বসতেই ভাবী কফির মগটি এগিয়ে দিলেন! আহা, আমার বন্ধুই ভাবীকে বলেছিলেন যে, আমি নাকি প্রতি ঘন্টাতেই কফি খাই। আগেরবারও ভাবী আমাকে প্রতি ঘন্টায় না হলেও দিনে কয়েকবার কফির মগ ধরিয়ে দিয়েছিলেন, এবার আমার বন্ধু না থাকলেও আমার কফির অভাব হয়নি। দিনে রাতের বিভিন্ন সময় ভাবী আমাকে কফির মগ বাড়িয়ে দিয়েছেন।

কোথাও যাবো কিনা জানতে চাইলেন ভাবী। বললাম, আপনার ছোট্ট দেশ হংকং পুরোটা দেখে ফেলেছি। আর ঘোরাঘুরি করবো না, ঘুমাবো। কাল সকালে উঠেই আবার এয়ারপোর্ট দৌঁড়াতে হবে।

ভাবী হাসলেন, বললেন–ঠিক আছে। আপনার জন্য উবার কল করে দেবো। আমরা কেউ এয়ারপোর্ট যেতে পারবো না বলে মন খারাপ করিয়েন না।

বললাম, উবার লাগবে না, বাসেই চলে যাবো। স্বপনও যাবে। সুতরাং কোন সমস্যা হবে না।

সন্ধ্যার আগ দিয়ে ঘুম ভাঙলো। আমার বন্ধু ইউছুপ আলী ভাইয়ের জন্য প্রাণটি কেমোন হু হু করে উঠলো। এই ছাদের উপর বসেই গতবার অনেক আড্ডা দিয়েছিলাম।

আমি ট্রিপলেক্স বাড়িটির ছাদে রাখা একটি চেয়ারে বসলাম। সন্ধ্যা হয়ে গেছে। চারদিকে আলো জ্বলে উঠছে। মাথার উপর একেবারে স্বচ্চ নীল আকাশ। আমি অদূরের পাহাড়ের দিকে তাকালাম। সবুজ পাহাড়গুলো কেমন কালো কালো লাগছে। পাহাড়ের ভিতরেও অনেকগুলো বাতি জ্বলছে। ওখানে কি আছে কে জানে!

অপরদিকে বেশ কিছু উঁচু ভবন দেখা যাচ্ছিলো। ভবনগুলোতে বাতি জ্বলে উঠায় অনেক উজ্জ্বল দেখাচ্ছিলো। হংকংয়ে উুঁচ ভবনের অভাব নেই, অভাব নেই আলোরও। তবে আমার বন্ধু ব্যস্ত শহর থেকে কিছুটা দূরে একটি আবাসিক এলাকায় বাড়ি কিনে নিরিবিলিতে থাকতে চেয়েছিলেন। বেশ কয়েকবছর এই বাড়িতে বসবাসও করেছেন, এখন সবই স্মৃতি।

কাঠের সিঁড়িতে আওয়াজ তুলে নিচে নেমে আসলাম। ভাবী ড্রয়িংরুমে ছেলেকে নিয়ে গল্প করছিলেন। আমাকে দেখে বিদেশী বুয়ার নাম ধরে ডাক দিলেন এবং কি কি সব বললেন। অল্পক্ষণের মধ্যে টেবিলে চা নাস্তা সাজিয়ে দেয়া হলো। আমরা গল্প করতে করতে চা খেলাম, সাথে ঝাল করে রান্না করা নুডলস। ভাবী আমার লাগেজ গোছানো কমপ্লিট হয়েছে কিনা জানতে চাইলেন। হেসে বললাম, লাগেজতো কিছু নেই। আমি তো বিদেশে শপিং করিনা। টুকটাক কাপড়ছোপড় ব্যাগে ভরে গাড়িতে উঠে পড়বো, সমস্যা হবে না।

একটু হেঁটে আসি বলে ঘর থেকে বের হলাম। দারুণ একটি আবাসিক এলাকা। পার্কের আদলে বেঞ্চ পাতা রাস্তার ধারে, সুইমিং পুলে উচ্ছ্বসিত শিশু কিশোরেরা। আবাসিক এলাকাটির রাস্তায় রাস্তায় কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। প্রতিটি পদেই যেনো বন্ধুর উপস্থিতি টের পাচ্ছিলাম। আগেরবার এই রাস্তাগুলো ধরে আমরা দুজন সাতরাজ্যের গল্প করতে করতে হেঁটেছিলাম।

বাসায় ফিরে সবার সাথে বসে কিছুক্ষণ টিভি দেখলাম। বাংলাদেশের টিভি। খবর চলছিলো। দেশের সব খবরই বিদেশে বসে পাওয়া যাচ্ছে–বিষয়টি ভালো লাগলো।

রাতে খাওয়া দাওয়ার পর সকালে চলে যাবো বলে বাচ্চাদের কাছ থেকে বিদায় নিলাম। কারণ সকালে বাচ্চারা ঘুম থেকে উঠবে কিনা জানি না, তবে জানি যে, আমাকে নাস্তা না করিয়ে ভাবী ছাড়বেন না। ভাবী বললেন, এখন বিদায় নিতে হবে না। বাচ্চারা সকালে আপনাকে বিদায় দেবে। উরবানা আপনাকে বাসে তুলে দিয়ে আসবে। তার লাইসেন্সটা পুরোপুরি হয়ে গেলে আপনাকে এয়ারপোর্টে দিয়ে আসতো। আর আমাদের ড্রাইভারের অবস্থাতো নিজের চোখেই দেখলেন!

বললাম, কোন দরকার নেই ভাবী, আবাসিক এলাকার বাসে চড়ে আমি স্টেশনে গিয়ে এয়ারপোর্টের বাসে চড়ে বসবো। সবইতো চিনি।

অনেকদিন দেশের বাইরে। চীন, অস্ট্রেলিয়া এবং হংকং মিলে একমাসের বেশি কেটে গেছে। ঘরে ফেরার তাড়া ভিতর থেকে অনুভব করছিলাম। পরিবার, অফিস, স্বজন এবং সহকর্মীদের কতদিন দেখিনি! নানাকিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম টের পাইনি।

ফ্লাইট দুপুরে, তাই সাতসকালে ঘর ছাড়ার তাড়া নেই। আমি রয়ে সয়ে ঘুম থেকে জাগলাম। ভাবী এবং বাচ্চাদের নিয়ে নাস্তা করলাম। ফেয়ারওয়েল ব্রেকফাস্টে ভাবী আয়োজনের কমতি রাখেননি। শেষে দারুণ এক মগ কফিও সাবাড় করলাম। ড্রাইভার আমার লাগেজ নামিয়ে এনেছেন। ভাবী এবং বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে বসলাম। উরবানার সাথে ভাবীর তথাকথিত দেশীয় ড্রাইভারও রয়েছেন। তিনি আমার লাগেজ বাসে তুলে দেবেন।

গাড়িতে চড়ার আগে আমি বাড়িটিকে আরো একবার ভালো করে দেখে নিলাম। আমার বন্ধুর বাড়ি, আর কখনো আসা হবে কিনা জানি না। বাড়িটির পরতে পরতে আমার বন্ধুর স্মৃতি, এই রাস্তা, বসার বেঞ্চ, সুইমিং পুল, বাসস্টপেজ সবত্রই ছড়িয়ে ছিটিয়ে আছে আমার বন্ধুর অযুত নিযুত স্মৃতি। সব স্মৃতি পেছনে ফেলে যাত্রা করলাম আমরা। (চলবে)

পূর্ববর্তী নিবন্ধবর্তমান সময়
পরবর্তী নিবন্ধচবি : ছয় দশকের স্বপ্ন ও ঐতিহ্য